নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগাম জামিন নিতে গিয়ে শেখ আরিফুল ইসলাম ওরফে রাকিব (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার তিনি আগাম জামিন নিতে গেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিব সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা (আমতলা আইকন স্কুল ভবন) এলাকার বাসিন্দা এবং শেখ আনোয়ার পারভেজ ওরফে ইয়ানুরের ছেলে।
মামলার নথি ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ছোট সাদিদপুর এলাকার বাসিন্দা রাব্বি বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৯ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৬/২০২৬।
অভিযোগে উল্লেখ করা হয়, ইউরোপের দেশ হাঙ্গেরিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদীর কাছ থেকে ১৪ লাখ টাকা চাওয়া হয়। বিশ্বাস স্থাপন করে ২০২৪ সালের ৪ এপ্রিল প্রথম দফায় ৭ লাখ টাকা দেওয়া হয় এবং ১০০ টাকার ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়। পরে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তাকে দুবাই পাঠানো হয় এবং সেখানে একটি পাকিস্তানি কোম্পানির কাছে বিক্রি করার চেষ্টা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে হাঙ্গেরির ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় এবং টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাদী ও তার বাবাকে হুমকি ও মারধরের অভিযোগ ওঠে।
আদালতের নির্দেশে সোনারগাঁ থানা পুলিশ মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং লেনদেন ও ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হয়।
মতামত