পরিবেশ কন্ঠ

মানবপাচারের অভিযোগে ‘শাকের মাঝি’ আটক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের অভিযোগে শীর্ষ দালাল হিসেবে পরিচিত শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকের মাঝি ওই এলাকার কবির আহমদের ছেলে। এর আগে গত ১৯ এপ্রিল ‘মানুষ বেচে লাখোপতি’ শিরোনামে সমকালে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে র্শীষদের তালিকায় শাকের মাঝির নাম উঠে আসে। এরপর থেকেই মানবপাচার চক্রের সদস্যদের ধরতে অভিযান জোরদার করে পুলিশ।  টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এক শীর্ষ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এর আগে আরও তিন দালালকে আটক করা হয়েছিল। পুলিশ মাদক ও মানব পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’ এদিকে গত ৯ এপ্রিল চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি গভীর সমুদ্রে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করে কোস্ট গার্ডের টহল জাহাজ ‘মনসুর আলী’র কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিল, যাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। অভিযোগ রয়েছে, আটক শাকের মাঝি ওই জাহাজে বহু যাত্রী পাঠানোর সঙ্গে জড়িত ছিল।  

মানবপাচারের অভিযোগে ‘শাকের মাঝি’ আটক