পরিবেশ কন্ঠ

ঐতিহ্য

পালকি: বাঙালির হারানো ঐতিহ্যের বাহন

পালকি বাঙালির ঐতিহ্যবাহী প্রাচীন এক বাহন। এ দেশের সাহিত্য-সংস্কৃতিতে পালকি আছে বিশেষ মর্যাদা নিয়ে। পালকির ব্যবহার ঠিক কত আগে শুরু হয়, বছরের মাপকাঠিতে তা বলা মুশকিল। যদিও কালের বিবর্তনে পালকির ব্যবহার হারিয়ে যেতে বসেছে। তবে এখনো বিয়ে কিংবা সুন্নতে খাৎনাসহ বিভিন্ন অনুষ্ঠানে হঠাৎ করেই ঐতিহ্যবাহী পালকির ব্যবহার চোখে পড়ে। একটা সময় ছিল, যখন গ্রাম বাংলা এমনকি শহরের বিয়ের অনুষ্ঠান পালকি ছাড়া কল্পনাই করা যেত না। ধারণা করা হয়, প্রাচীনকালে দেব-দেবীকে আরোহন করানো বা দেব-দেবীর মূর্তি বহনের জন্য পালকি সদৃশ বাহন ব্যবহার করা হতো। অনেক প্রাচীন মন্দিরেই পালকি দিয়ে দেবতাদের বহনের দৃশ্য ভাস্কর্য আকারে তুলে ধরা হয়েছে। হিন্দুদের রামায়ণেও আনুমানিক খ্রিষ্টপূর্ব ২৫০ সালের সময়ের দিকে পালকির উল্লেখ পাওয়া যায়। ব্রিটিশ শাসন আমলে ইউরোপের উচ্চ শ্রেণীর সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পালকিতে চলাচল করতেন। তবে উপমহাদেশে রেলগাড়ি প্রচলনের পর ব্রিটিশ কর্মকর্তাদের মাঝে পালকির ব্যবহার অনেকটাই কমে আসে। ইউরোপের পালকিগুলোকে শোবার উপযোগী করে বানানো হতো—কোনোটি ছিল খোলা, আবার কোনোটি বন্ধ। মিশরীয় চিত্রকর্মেও পালকির দেখা পাওয়া যায়। পারস্য রাজ্যেও পালকির অস্তিত্ব ছিল। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা থেকে শুরু করে চতুর্দশ শতকের পর্যটক জন ম্যাগনোলি ভ্রমণের জন্য পালকি ব্যবহার করতেন বলে জানা যায়। সম্রাট আকবরের শাসন আমলে এবং তারও পরবর্তী সময়ে সেনাধ্যক্ষদের যাতায়াতের জন্য প্রধান বাহন হিসেবে পালকিই ব্যবহৃত হতো। ছবি: শিল্পীর চোখে মুঘল আমলের পালকিপালকি শব্দটি এসেছে সংস্কৃত "পল্যঙ্ক" বা "পর্যঙ্ক" থেকে, যার অর্থ বিছানা বা খাট। হিন্দি এবং বাংলা উভয় ভাষায় এটাকে পালকি বলা হয়ে থাকে। পালি ভাষায় একে "পালোঙ্ক" বলা হয়। এই যানকে কোনো কোনো জায়গায় ডুলি, শিবিকা এসব নামেও ডাকা হয়। পর্তুগীজরা এর নাম দিয়েছিলো পালাঙ্কুইন। ইংরেজিতে পালকিকে বলা হয় পেলেঙ্কিউন বা সেডেন চেয়ার। প্রাচীন রোমে পালকিকে বলা হতো লেটিকা, চীনে জিয়াও, ভিয়েতনামে কিউ, ইংল্যান্ডে সিড্যান চেয়ার, স্পেনে লিটারা, ফ্রান্সে পালানকুইন, পর্তুগালে লিটেইরা, থাইল্যান্ডে ওহ, কোরিয়ায় গামা, জাপানে নোরিমোনো ও তুরস্কে টাহটিরেভান ইত্যাদি নামে পালকি পরিচিত  ছিল। এমনকি ব্রিটেনের রাজা ও লেখক অষ্টম হেনরি আমৃত্যু পালকিতে চড়েছেন বলে জানা গেছে। সতেরো ও আঠারো শতকের বাংলায় ইউরোপীয় বণিকদের কর্তাব্যক্তিরা ভারি এক সমস্যার মধ্যে পড়লেন। নিত্যনৈমিত্তিক যাতায়াত ও মালামাল স্থানান্তরে তারা অতি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়লেন পালকির ওপর। তারা এতটাই অনুরক্ত হয়ে পড়েছিলেন পালকিকে কেন্দ্র করে যে সে সময় মোটা টাকা মাইনে পাওয়া কর্তাব্যক্তিরা তো বটেই, কোম্পানির স্বল্প বেতনভুক্ত কর্মচারীরাও ব্যাপক মাত্রায় আসক্ত হয়ে পড়লেন এই বাহনটির ব্যবহারে। মুঘল আমলে বাদশা, সুলতান, বেগম ও শাহজাদিরা পালকিতে যাতায়াত করতেন। মুসলিম সম্প্রদায়ের মেয়েরা পর্দা করতে পালকিতে চড়ে চলাফেরা করতেন। সম্ভ্রান্ত পরিবারগুলো নিজস্ব পালকি ও বেয়ারা রাখত। অন্যদিকে নিম্নবিত্ত পরিবার যাতায়াতের জন্য ভাড়ার পালকি ব্যবহার করত। হিন্দু ধর্মাবলম্বীরা প্রাচীনকালে তাদের বউ-মেয়েদের যাতায়াতের জন্য পালকি ব্যবহার করতেন।ছবি: পালকি ছিল আভিজাত্যের প্রতীকবাংলাদেশের পালকিগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এর গঠনশৈলীতেও রয়েছে ভিন্নতা। সবচেয়ে ছোট এবং সাধারণ নকশার পালকিকে ডুলি বলা হয়। এই ডুলি সাধারণত দুইজন বহন করে নিয়ে চলে। বাংলাদেশে এক সময় হাড়ি, মাল, দুলে, বাগদি বা উড়ি প্রভৃতি সম্প্রদায়ের লোক পালকি বহনের কাজ করতো। এরা পালকি বহনের পাশাপাশি দিনমজুরের কাজ এবং মাছের ব্যবসাও করতো। যারা পালকির ভার বহন করেন, তারা পালকি বেহারা নামে পরিচিত। কোথাও কোথাও আবার তাদের কাহার বলা হয়। কাঠমিস্ত্রীরা সেগুন কাঠ, শিমুল কাঠ, গান কাঠ প্রভৃতি দিয়ে পালকি তৈরি করতো। পালকি বহন করার দন্ডটিকে বাঁট বলে। এই বাঁট তৈরি হতো বট গাছের বড় ঝুরি দিয়ে। তখন বাংলাদেশে তিন রকমের পালকি দেখা যেতো—সাধারণ পালকি, আয়না পালকি এবং ময়ূরপঙ্খি পালকি। সাধারণ পালকি দেখতে আয়তাকার ছিল। ঢালু ছাদ এবং চারদিকে কাঠের আবরণ এর প্রধান বৈশিষ্ট্য ছিল। এর দুই দিকে দুটি দরজাও থাকতো। আয়না পালকির বৈশিষ্ট্য হলো এতে আয়না লাগানো থাকতো। ভেতরে চেয়ারের মতো দুটি বসার জায়গা এবং একটি টেবিল রাখা হতো। আয়তনের দিক থেকে ময়ূরপঙ্খি পালকি সবচেয়ে বড়। এই পালকিটি ময়ূরের আকৃতিতে তৈরি করা হয়। এর ভেতরে দুটি চেয়ার, একটি টেবিল এবং একটি তাকও থাকতো। সাহিত্য ও সংস্কৃতিতে পালকি বিভিন্ন গান, কবিতা বা উপন্যাসে বেহারা ও তাদের পালকির কথা কতবার কতভাবে যে উঠে এসেছে! কখনো মূল প্রতিপাদ্য বিষয়রূপে, কখনো কবির অলংকারিক ছান্দিক ব্যবহারে, কখনো বা কল্পনাপ্রসূত ভাবনার সংস্কারক কাঠামো হিসেবে। হোক তা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলী বাঁকের উপকথা কিংবা মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধুর মতো কালজয়ী উপন্যাসের গোছানো ভাবনার সৌন্দর্যবর্ধনের বহিঃপ্রকাশ, কখনো কণ্ঠশিল্পীর মধুমাখা কণ্ঠে আবার কখনো চিত্রশিল্পীর তুলির আঁচড়ে। আজও মনে পড়ে হেমন্ত মুখোপাধ্যায় বা ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানগুলো। জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত পালকি নিয়ে জাদুকরি শব্দচয়নে রচনা করেন বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় কবিতা 'পালকির গান'— 'পালকি চলে/ পালকি চলে/ গগন তলে/ আগুন জ্বলে/ স্তব্ধ গাঁয়ে/ আদুল গায়ে/ যাচ্ছে কারা/ রৌদ্রে সারা' পালকির প্রভাব আমাদের লোকসাহিত্যে এতটাই প্রকট যে 'পালকির গান' কবিতাটা একসময় সুরসম্রাট সলিল চৌধুরীর সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাইতে শোনা যায়, যা এখনো বাংলা ভাষার জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি। এ ছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বীরপুরুষ' কবিতায়ও উঠে এসেছে পালকির কথা— 'তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে/ দরজা দুটো একটুকু ফাঁক করে' পালকি ধীরে ধীরে বাঙালির মনে এমন একটি আবেদন সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় নির্মিত হয় জনপ্রিয় ছবি 'পালকি'। তা ছাড়া বাংলা নাটক, উপন্যাস ও গল্প-কবিতায় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে পালকি ব্যবহৃত হয়ে আসছে। কাঠের তৈরি এই পালকির বাইরের দেয়ালে খোদাই করে আঁকা হতো আবহমান বাংলার লোকগাথা। পালকি কেন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পালকি কেন এবং কোন কারণে বাঙালি সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবস্থান করে নিয়েছে, সে উত্তর খুঁজতে হলে প্রথমে এই পালকির গঠন এবং তৈরির উপকরণ বিশ্লেষণ করতে হয়। পালকি এমন একটি বাহন, যেটি তৈরি করা যায় খুব সহজে। অত্যন্ত আরাম-আয়েশে বসা যায় বা আধশোয়া অবস্থায় থাকা যায়, এমন উচ্চতা রেখে দৈর্ঘ্য আর প্রস্থে পর্যাপ্ত জায়গা রেখে চৌকোনা আকৃতির এ বাহন তৈরি করা হয়। এটি তৈরির মূল উপকরণ কাঠ, যা আমাদের দেশে খুবই সহজলভ্য। এ বাহনের দুই পাশে দুটি শক্ত ও মোটা খুঁটি সামনে আর পেছনের দিকে প্রলম্বিত করে স্থাপনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, যা দুই, চার, কিংবা ছয়জন বেহারা কাঁধে নিয়ে খুব সহজেই চলতে পারেন। নির্মাণকৌশল খুব সহজ ও নির্মাণের উপকরণ সহজলভ্য হওয়ায় আমাদের দেশে এটি ক্রমেই সহজলভ্য ও জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এটি আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে যখন এর ব্যবহার সম্ভ্রান্ত পরিবার থেকে বেরিয়ে এসে বর-কনের নান্দনিক বাহনে পরিণত হয়। একই সঙ্গে এই বাহনের বেহারাদের ক্লান্তি দূর করার জন্য তাঁদের মুখে মুখে যখন বিশেষ ধরনের সংগীতের সৃষ্টি হয়, তখন তা সাধারণ জনমানুষের মনের আরও গভীরে স্থান পেতে শুরু করে। সংগত কারণেই পালকি নিয়ে যখনই বেহারারা গ্রামের রাস্তায় হেঁটে যেতেন, রাস্তার দুপাশে অত্যন্ত আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে নারী-পুরুষ, ছেলে-মেয়ে, শিশু-কিশোরের ভিড় জমে যেত। আর কান পেতে শুনতে থাকত বেহারাদের হৃদয়দোলানো গানের ব্যঞ্জনা।ছবি: পালকি ছিল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশবেহারাদের গান: লোকসংস্কৃতির অমূল্য সম্পদ এমন কী থাকত বেহারাদের এই গানে? বিষয়টি একটু বিশ্লেষণ করলে দেখা যায়—বেহারারা যে ভাষায় গান গাইতেন, তার ভাষাশৈলী অত্যন্ত সহজ ও সাবলীল। গানের শব্দমালা প্রতিদিনের জীবনযাপন থেকে নেওয়া। কথামালা ছিল আপনার-আমার মুখের কথার মতো, কিন্তু তা ছিল অত্যন্ত সুনিপুণ ছন্দোবদ্ধ এবং মাত্রাবিন্যাসে অত্যন্ত যত্নশীল। অনেকটা চারণ কবির মুখের চরণের মতো খই ফুটত, যখন তাঁরা নতুন বউ কিংবা বরকে নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন। গানে গানে উঠে আসত কনের রূপের বর্ণনা, সাজপোশাকের বিবরণ অথবা বরের বীরত্ব কিংবা নানান যোগ্যতা। 'কর্তাবাবুর রংটি কালো, গিন্নিমায়ের মনটি ভালো, সামলে চলো হেঁইও হেঁইও জোয়ান সরু আল চলো ধীরে, কর্তাবাবুর দরাজ দিল দেবে চিড়ে' বাঙালির বিয়ের আয়োজনের অন্যতম একটি পর্ব মেহেদি তোলা। এই মেহেদি তোলার প্রতিটি দৃশ্যের বর্ণনা উঠে আসত বেহারাদের সুরে— 'ছিল মেন্দি হিন্দুস্তানে, আইলো মোন্দি পাকিস্তানে এই মোন্দি তুলিবো কে? দুলাইনের বড় ভাবি রে...' সামান্য বকশিশের আশায় নতুন বউ নিয়ে তাঁরা বরের বাড়ির প্রতিটি ঘরের দরজায় গিয়ে গিয়ে সুরে সুরে গান গাইতেন সেই ঘরের গৃহকর্তা কিংবা গৃহিণীর মনোরঞ্জনের জন্য। 'এই ঘরের বড় ভাবী কোথায় জানি গেল রে... মান দেওয়ার ভয়ে ভাবী কোথায় জানি পালাইলো...' ছেলের মাকে খুশি করার জন্য বরের বাড়ির নিকটবর্তী হলে বেয়ারারা ধরতেন নতুন গান— 'আল্লা বোল, ওরো বোল, মাইয়ার মারে দিসি গোল... পোলার মারে স্বর্গে তোল' 'যেই কোদালে ছাঁচে হিসে দুলার বাপের বাড়ি রে, সেই কোদালে ছাঁচে দুলহানের বাপের দাড়ি রে' সামাজিকভাবে বাঙালি সংস্কৃতিতে কনেকে বিয়ে দেওয়ার পর বরের বাড়িতে চলে যেতে হয়। নিজের মেয়েকে জন্মদানের পর থেকে অতি আদরে লালনপালনের পর যখন পরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তখন মেয়ের মা-বাবার হৃদয়ের ভেতরে শুরু হয় বিচ্ছেদের রক্তক্ষরণ। আর সেই বিষয়ও বাদ ছিল না পালকির গানে। 'আগে যদি জাইনতাম বালি (মেয়ে), পরে নিবো তোরে রে হাতের কাম ফালাই রাখি কোলে নিতাম তোরে রে আগে যদি জাইনতাম বালি (মেয়ে), পরে নিবো তোরে রে চুলার আগুন নিভাই রাখি কোলে নিতাম তোরে রে' পালকি শুধু একটি বাহন নয়—এটি বাঙালির হাজার বছরের লোকসংস্কৃতি, সাহিত্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত ঐতিহ্য। কালের বিবর্তনে যান্ত্রিক যানবাহনের দাপটে পালকির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। তবে বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ের আয়োজন এবং লোকউৎসবে পালকির প্রতীকী ব্যবহার বাঙালির শিকড়ের সঙ্গে সংযোগের স্মারক হিসেবে টিকে আছে। পালকির বেহারাদের সেই হৃদয়স্পর্শী গান, সত্যেন্দ্রনাথ দত্তের 'পালকির গান', রবীন্দ্রনাথের 'বীরপুরুষ'—এসবই পালকিকে বাঙালি মানসপটে অমর করে রেখেছে। ঐতিহ্য সংরক্ষণের তাগিদে পালকি নির্মাণশিল্প ও বেহারাদের গানের সংগ্রহ ও সংরক্ষণ আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

পালকি: বাঙালির হারানো ঐতিহ্যের বাহন