চিকিৎসা-রোগনির্ণয়ে আল্ট্রাসাউন্ড প্রযুক্তির নতুন দিগন্ত নিয়ে আলোচনার লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (নিনমাস)-এ অনুষ্ঠিত হয়েছে এক লাঞ্চিয়ন সেমিনার। নিনমাস রিসার্চ সেলের আয়োজনে এবং ট্রান্সমেড স্যামসাং-এর পৃষ্ঠপোষকতায় রোববার (২২ নভেম্বর) দুপুর ২টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিষয় ছিল 'আল্ট্রাসাউন্ডের নতুন কৌশল' (Newer Techniques of Ultrasound), যেখানে বিশেষভাবে তুলে ধরা হয় স্যামসাং সুপার প্রিমিয়াম আল্ট্রাসাউন্ড 'R20'। সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসএম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আকছানুল আলম। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিএসএম এন্টারপ্রাইজের হেড অব অ্যাপ্লিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজি মো. সাইফুল ইসলাম। তিনি আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, R20 মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং রোগ নির্ণয়ে এর সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী সেমিনার আয়োজনের জন্য নিনমাস রিসার্চ সেল এবং পৃষ্ঠপোষকতার জন্য ট্রান্সমেড স্যামসাংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোগ নির্ণয়ে আল্ট্রাসাউন্ড এখন সবচেয়ে নিরাপদ ও কার্যকর মাধ্যমগুলোর একটি। প্রযুক্তি প্রতিনিয়ত এগিয়ে চলছে, তাই চিকিৎসক ও বিশেষজ্ঞদের এর সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। স্যামসাং R20-এর মতো আধুনিক যন্ত্র সঠিক ও দ্রুত রোগ নির্ণয়ে সহায়তা করবে এবং এর সুফল পাবেন রোগীরা বলে তিনি আশাপ্রকাশ করেন। অনুষ্ঠানে নিনমাসের চিকিৎসক, বিজ্ঞানী ও ইমেজিং বিশেষজ্ঞসহ স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা অংশ নেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রযুক্তিটির ব্যবহারিক দিক নিয়ে মতবিনিময় করেন। আলোচকেরা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব, যা রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। সবশেষে সভাপতি অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মতামত