বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। এ সময় বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে বন্দর উপজেলার লক্ষণখোলার ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকস (পিবিএম)-কে ১ লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ, এইচ, বি ব্রিকস-কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী যেকোনো কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত