ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুই ইটভাটাকে জরিমানা

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। এ সময় বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে বন্দর উপজেলার লক্ষণখোলার ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকস (পিবিএম)-কে ১ লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ, এইচ, বি ব্রিকস-কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী যেকোনো কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুই ইটভাটাকে জরিমানা