এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে দেশে ২,৪১১ জন নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে নারী ১,৩১৫ জন এবং মেয়েশিশু ১,৯৬ জন।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনটির ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। এছাড়া সাধারণ সম্পাদক মালেকা বানু এবং লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক দীপ্তি শিকদারও বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৯৮ জন নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮০ জন মেয়েশিশু এবং ১০৯ জন নারী। এই সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১৩৭টি, এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪০ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ১৭০ জন; তাঁদের মধ্যে ১৪০ জন মেয়েশিশু এবং ৩০ জন নারী। এছাড়া যৌন সহিংসতার শিকার হয়েছেন ২০৬ জন। বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪৯০ জন নারী ও মেয়েশিশু, যার মধ্যে ৩৭৭ জন নারী এবং ১১৩ জন মেয়েশিশু।
সংবাদ সম্মেলনে ডা. ফওজিয়া মোসলেম বলেন, “নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক সমস্যা। এর প্রভাব শুধু নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা থেকে স্থায়ীভাবে উত্তরণে পরিবার ও সমাজের সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।”
মালেকা বানু বলেন, “নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রচলিত আইনগুলোর যথাযথ প্রয়োগ জরুরি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন এবং বৈষম্যবিলোপ আইন প্রণয়ন ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে হবে।”
মতামত