গজারিয়ায় বিক্রমপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা‑২০২৬ সফল সমাপ্তি
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা‑২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এবারের পরীক্ষায় উপজেলির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। পরীক্ষাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। পাশাপাশি এই আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
শিক্ষার আলো ছড়িয়ে মেধাবীদের এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ গজারিয়ার শিক্ষা অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মতামত