পরিবেশ কন্ঠ

১৮ জেলায় ২৬ জনকে হত্যা

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১৮ জেলায় ২৬ জনকে হত্যা
ছবি: পরিবেশ কন্ঠ

ঈদুল আজহার ছুটিতে দেশের ১৮ জেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬ জন। এদের কেউ পারিবারিক বিরোধে, কেউ পাওনা টাকার জন্য, আবার কেউ জমি নিয়ে বিরোধের জেরে নিহত হয়েছেন। কয়েকটি ঘটনায় হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। একই সময়ে চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এর তিনটি ঘটনাকেই হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করেছেন স্বজনরা। 

সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়ায় গতকাল রোববার সকালে বন্ধুর হাতে নিহত হয়েছেন জুয়েল আহমদ (২৬)। তিনি ময়মনসিংহের গৌরীপুর থানাধীন ভেরা গ্রামের বাসিন্দা হলেও থাকতেন রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনিতে। এ ঘটনায় সন্দেহভাজন তাঁর বন্ধু মো. হাবিল। তিনি সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানার বালুচর জোনাকী আবাসিক এলাকার বাসিন্দা।  হাবিলকে এলাকাবাসী পিটিয়ে পুলিশে দিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিলের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। তিনি একাধিকবার বন্ধুকে সতর্ক করেও সমাধান না পেয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।  সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পুলিশ হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গত শনিবার বিকেলে বেবী বেগম (৬২), শামীম (১৩) ও মুস্তাকিম (৪) নামে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে দুই ভাই শামীম ও মুস্তাকিমকে শ্বাসরোধ করে এবং তাদের নানি বেবী বেগমকে গলা কেটে হত্যা করা হয়। ওই বাড়িতে ফাতেমা বেগম মেরি নামে এক নারী মা বেবী বেগম ও দুই সন্তান নিয়ে থাকতেন।  এ ঘটনায় শিশু দুটির বাবা মাসুম বেপারি বাদী হয়ে তাঁর স্ত্রী মেরির দ্বিতীয় স্বামী রফিকুল হাওলাদারকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে মেরিকে স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে। ঘটনার পর থেকে রফিকুল ইসলাম পলাতক।  চার বছর আগে মাসুম বেপারির সঙ্গে ছাড়াছাড়ি হয় মেরির। তিনি পরে ট্রাকচালক রফিকুলকে বিয়ে করেন। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, মেরির বিয়ে তাঁর মা ও বড় ছেলে মেনে নেননি। তবু ওই বাড়িতে রফিকুল মাঝেমধ্যে যেতেন। এ নিয়ে ঝগড়া হতো। 

মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের স্ত্রী আমেনা ও দুই বছর বয়সী ভাতিজা আসওয়াদকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউসুফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ফকিরপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় ইউসুফ কুপিয়ে তাঁর ভাই আব্দুস সালামকেও আহত করেন।  এদিকে রংপুরের পীরগঞ্জে বড় ভাইকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান নামে এক যুবক। উপজেলার কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামে শনিবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার জন্য আশিকের চাচা বকুল ও তাঁর ছেলে রানাকে দায়ী করেছেন স্বজনরা।  কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। গত মঙ্গলবার সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছেলে রামিম ইসলাম বাবুকে (২৭) গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। নিহত রেহানা বেগম ওই এলাকার মৃত মনিরুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সোমবার রাত থেকেই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার শুরু করে। সকালে দেখেন, দা দিয়ে রামিম মায়ের মাথায় কোপ দেয়। হাসপাতাল নেওয়ার পথে মা মারা যান। হবিগঞ্জে ছেলের আঘাতে আব্দুস শহিদ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদের ভাতিজা দুলাল মিয়া মামলা করেন। এতে শহিদের ছেলে মোজাম্মেল আহমেদ পথিক ও স্ত্রী পিয়ারা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  ফরিদপুরের সদরপুরে গাছ কাটা ও পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় কাজী সিরাজুল হক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কাজী ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

ফরিদপুরের বোয়ালমারীতে আফরোজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে আফরোজার ছেলে আজিজুর মোল্যা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ লাকী বেগমকে কারাগারে পাঠিয়েছে।  এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে রোববার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষে কিলঘুসিতে প্রাণ গেছে মো. হানিফ মিয়া (৭০) নামে এক ব্যক্তির। উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এদিনই হানিফের ছোট ভাইয়ের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় মুহূর্তেই তা শোকের আসরে পরিণত হয়। জয়পুরহাটের আক্কেলপুরে জমি নিয়ে বিরোধে মাসুম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাতে তিলকপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।  আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, রাতেই অভিযান চালিয়ে প্রধান সন্দেহভাজন শিবলুর বাবা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ইখলাস গাজী (৫০) নামে সাবেক এক যুবলীগ নেতা। শনিবার সকালে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইখলাস সদর ইউনিয়নের যুবলীগের সাবেক সহসভাপতি।  এদিকে ভিন্ন ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাকুন্দিয়ায় জুবায়েদকে (২২) হত্যার অভিযোগে তাঁর প্রতিষ্ঠানের ভ্যানচালক রানাকে (৩৫) শনিবার আটক করে পুলিশে দিয়েছে জনতা। পাওনা টাকার জন্য তাগাদা দেওয়ায় জুবায়েদকে হত্যা করা হয় বলে স্বজনরা জানিয়েছেন।  মিঠামইনের গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়ার কাছে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে বুধবার রাতে নিহত হয়েছেন সাইদুর রহমান (৩০)। তিনি এ ইউনিয়নের ধলাই গ্ৰামের বাসিন্দা। হাত-পা বাঁধা অবস্থায় তাঁর ক্ষতবিক্ষত লাশ নদীতে পাওয়া যায়।  এ ছাড়া বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন নিয়ে পিকআপ চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে ইমন হাসান নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষক আবদুর রশিদ বেপারি (৪৮) ও মোটরসাইকেল চালক সাগর হাওলাদারের (২৮) লাশ উদ্ধার করা হয়। তাদের শ্বাসরোধে হত্যার আলামত মিলেছে।  শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালের লিফটের সামনে এক বৃদ্ধের ও এদিন বিকেলে কসবা উপজেলার একটি পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পাওয়া যায়।  শনিবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় বিয়েবাড়ি থেকে ডেকে বিলে নিয়ে তাজুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার পাড়াগ্রামে অস্থায়ী পশুর হাটে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক গরু ব্যাপারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তৃষা (২১), গাইবান্ধার সাদুল্লাপুরে রুমি বেগম (৩৩), নেত্রকোনার মোহনগঞ্জে সুরমা আক্তার (২৮) নামে তিন গৃহবধূ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিরাজ হোসেন (২৪) নামে এক তরুণের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তৃষার লাশ গতকাল রোববার দুপুরে, রুমির মরদেহ শুক্রবার ও সুরমার লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়। তাদের স্বজনরা হত্যার অভিযোগ করেছেন। তৃষা ও রুমির স্বামী পলাতক। সুরমার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মানিকগঞ্জে সংঘবদ্ধ হামলা চালিয়ে নাহিদ রহমান সজিব (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা হয়েছে। নিহত সজিব ওই গ্রামের মুনসের আলীর ছেলে। তার নামেও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘সজিবের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ঘরে ঢুকে তাকে হত্যা করে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

বিষয় : হত্যা নিহত

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

১৮ জেলায় ২৬ জনকে হত্যা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ