তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 সম্মেলনের দশম দিনে, ধনী দেশগুলোর জলবায়ু অভিযোজন তহবিলের প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে—যা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর জন্য উদ্বেগজনক সংকেত।
কনফারেন্সের আশপাশে ঝুলে থাকা ‘তহবিল বাড়াও’ ব্যানারটি সরাসরি ধনী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনের অন্যতম প্রধান দাবি হল, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে পৃথিবীকে উত্তপ্ত করার ঐতিহাসিক দায়িত্ব বহনকারী ধনী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করা।
কিন্তু জলবায়ু রাজনীতি জটিল। দেশীয় ও আঞ্চলিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, এবং ঐতিহাসিক হিসাব-নিকাশ সবই আলোচনাকে প্রভাবিত করে। জীবাশ্ম জ্বালানির ব্যবসা, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং দায় এড়ানোর কৌশলগুলো বারবার আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করে। জরুরি পরিবেশ রক্ষার সিদ্ধান্তের তাগিদ থাকা সত্ত্বেও, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি স্পষ্ট। বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, বর্তমান COP প্রক্রিয়া দ্রুত পরিবর্তন আনতে পারছে না এবং দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য করার ক্ষমতাও সীমিত।
বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য এই ঘাটতি মারাত্মক। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত COP30-এ অভিযোজন তহবিলে ১৩ কোটি ৫০ লাখ ডলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; তবে COP31-এ এই তহবিলের নতুন প্রতিশ্রুতি মাত্র পাঁচ কোটি মার্কিন ডলার—এক বছরের মধ্যে অর্ধেকেরও বেশি হ্রাস।
বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল কূটনৈতিক বিষয় নয়; ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঘটনাগুলো লাখ লাখ মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলে। উপকূলীয় কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষদের জন্য জলবায়ু পরিবর্তন ভবিষ্যৎ নয়, আজকের বাস্তবতা। যদিও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রয়েছে, বাস্তব সহায়তার পরিমাণে বড় ফাঁক রয়ে গেছে।
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ COP31-এ দুইটি আন্তর্জাতিক অনুষ্ঠানে দেশের অবস্থান তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি দেশের লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি, সম্পদ, জীবিকা এবং সামাজিক বন্ধনকে প্রভাবিত করছে, পাশাপাশি মানসিক সুস্থতাতেও আঘাত হাচ্ছে।
সম্মেলনের শেষ পর্যায়ে ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অভিযোজন তহবিল, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং কার্বন ক্রেডিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে মতপার্থক্য অব্যাহত রয়েছে। বাংলাদেশ এই আলোচনায় জাতীয় কাঠামো গঠন, উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
COP31‑এর এই বাস্তবতা প্রশ্ন তোলার মতো যে, যদি প্রভাবশালী দেশগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেয়, তবে জলবায়ু সম্মেলনের কার্যকারিতা কতটুকু থাকবে? তুরস্কের আলোচনার করিডোরে ঘুরে বেড়িয়ে এখনো উত্তর খোঁজা হচ্ছে।
মতামত