রত্নগর্ভা মাতা, সমাজহিতৈষী, জাদুঘর-সুহৃদ ও ঐতিহ্য-সচেতন ব্যক্তিত্ব জাহানারা খাতুনের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার ২৫ বংশালের জাহানারা ফাউন্ডেশন জাদুঘরের অষ্টম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জিনাত পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশেষজ্ঞ হাশেম সূফী। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক কর্মকর্তা সাইদ সামসুল করীম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ICOM বাংলাদেশ-এর চেয়ারপারসন মো. সেরাজুল ইসলাম এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক রেজিস্ট্রেশন অফিসার আব্দুল মবিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জনাব আব্দুল মবিন। আলোচনা সভায় জাহানারা খাতুনের জীবন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, ঐতিহ্য সংরক্ষণে তাঁর অবদান, জাদুঘর চর্চা এবং মানবিক মূল্যবোধের প্রতি তাঁর নিবেদিত ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, একজন মানুষের জীবন কেবল ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না- সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও মানবকল্যাণে তাঁর অবদানই তাঁকে মানুষের স্মৃতিতে দীর্ঘস্থায়ী করে রাখে। জাহানারা খাতুন তাঁর কর্ম ও উদ্যোগের মধ্য দিয়ে সেই দৃষ্টান্ত রেখে গেছেন। অনুষ্ঠানে জাহানারা ফাউন্ডেশন জাদুঘরের প্রত্যাশা, প্রাপ্তি ও জাদুঘর ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ করা হয়। প্রবন্ধে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক কর্মকর্তা সাইদ সামসুল করীম বলেন, জাদুঘরকে জাতির ইতিহাস, ঐতিহ্য, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তন, ধর্মবিশ্বাস, প্রথা, কৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার ধারাবাহিক স্মারক হিসেবে ব্যাখ্যা করা হয়। প্রবন্ধকার জাদুঘরের ধারণা, বিকাশ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন ও শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, জাদুঘর শুধু পুরোনো নিদর্শন সংরক্ষণের স্থান নয়, বরং জ্ঞান, সংস্কৃতি, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরির অন্যতম প্রতিষ্ঠান। প্রবন্ধে সভ্যতার বিকাশের বিভিন্ন পর্যায়, কৃষি, নগরকেন্দ্রিক সভ্যতা, লিখনপদ্ধতি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, ব্যবসা-বাণিজ্য, ধর্ম, দর্শন ও কারুশিল্পের বিবর্তনের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের সম্পর্ক তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক জাদুঘর সংস্থা ICOM-এর জাদুঘর-সংক্রান্ত ধারণা, জাদুঘরের সামাজিক ভূমিকা, অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম, গবেষণা ও সংরক্ষণ এবং আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য হিসেবে ২০২৫ সালের “The Future of Museums in Rapidly Changing Communities” এবং ২০২৬ সালের “Museums Uniting a Divided World” বিষয়গুলো উল্লেখ করে পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভূমিকা, সামাজিক সংহতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জাদুঘরের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে জাহানারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়। জাহানারা খাতুনের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, জাদুঘর ব্যবস্থাপনা ও প্রদর্শনী, সংস্কৃতি, ক্রীড়া, ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান, অনাথ শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা, মাদকবিরোধী সামাজিক কর্মসূচি, ঐতিহ্য, মানবাধিকার, জলবায়ু ও পরিবেশ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা এবং প্রকাশনাসহ নানা ক্ষেত্রে এককভাবে ও বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে। ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় জাদুঘরের শতবর্ষ, জাহানারা খাতুনের স্বামী মনসুর রহমান সরকারের জন্মশতবর্ষ, জাতীয় দিবস উদযাপন, মুক্তিযোদ্ধাদের স্মরণে অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নিদর্শন জাতীয় জাদুঘর ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জাদুঘরে উপহার প্রদান, বিশ্বের বিভিন্ন দেশের পতাকা ও মুদ্রা প্রদর্শনী, সেমিনার আয়োজন এবং বই, স্মরণিকা ও ফোল্ডার প্রকাশের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া শিশুদের মধ্যে ভিটামিন-এ ট্যাবলেট বিতরণ ও পোলিও টিকাদান কর্মসূচি, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ, ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা, স্কুল-মাদ্রাসা, এতিম ও অনাথ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খাদ্য, বস্ত্র, কম্বল ও সিলিং ফ্যান বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় অগ্নিনির্বাপণ, ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ, ফার্স্ট এইড প্রশিক্ষণ, বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং হুইলচেয়ার বিতরণেও ফাউন্ডেশনের ভূমিকা তুলে ধরা হয়। করোনাভাইরাস কোভিড-১৯ মহামারির লকডাউন চলাকালীন স্বাস্থ্য সচেতনতা, হাত ধোয়া, পরিচ্ছন্নতা, মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাস্ক ও খাদ্য বিতরণ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে মশারি ও ওষুধ বিতরণের উদ্যোগও গ্রহণ করা হয়। হেরিটেজ ফাউন্ডেশন ও ICOM বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক জাদুঘর দিবস এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে জাহানারা ফাউন্ডেশন। আলোচকরা বলেন, জাদুঘর ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সমন্বয় একটি সমাজকে ইতিহাস-সচেতন, মানবিক ও দায়িত্বশীল করে তুলতে পারে। ঐতিহ্য সংরক্ষণ যেমন জাতির পরিচয় ও আত্মপরিচয়ের ভিত্তি, তেমনি মানবকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর কার্যকর মাধ্যম। জাহানারা খাতুনের জীবন ও কর্মের মধ্য দিয়ে এই দুই ধারার সমন্বয় প্রতিফলিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহানারা খাতুনের সুযোগ্য পুত্র, নিপুণশৈলী চিত্রশিল্পী আনজালুর রহমান। তাঁর একনিষ্ঠ সহযোগিতায় ছিলেন মো. ওয়াজেদ আলী। জাহানারা খাতুনের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা তাঁর জীবন, মানবিক দর্শন, সমাজসেবামূলক উদ্যোগ এবং ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্মরণ ও মূল্যায়নের মধ্য দিয়ে এক তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।
মতামত