রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে শুরু হওয়া অভিযান চলে মঙ্গলবার দুপুর পর্যন্ত। পুলিশের দাবি, বাড়িটিতে ডিজে পার্টি ও মাদকসেবনের আয়োজন চলছিল। সেখান থেকে মদ, ইয়াবা ও ‘কুশ’ নামে উল্লেখ করা একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত পার্টির আয়োজন ও বুকিং নেওয়ার অভিযোগও জানিয়েছে ডিবি। ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জন্মদিনের অনুষ্ঠানের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল এবং মাদক ও ডিজে পার্টি নিষিদ্ধ ছিল। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই ও দায় নির্ধারণে তদন্তের ফলাফলের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন