ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনে আন্তমন্ত্রণালয় সভা

ঢাকায় ২০২৭ সালে অনুষ্ঠেয় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। এ ছাড়া পররাষ্ট্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় ২০২৭ সালে ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উৎসবকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উৎসবের আয়োজনব্যয়, অবকাঠামো, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রচার-প্রচারণাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। সভায় আগামী দিনে আরও ধারাবাহিক সভার মাধ্যমে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করার বিষয়েও মতামত ব্যক্ত করা হয়। উল্লেখ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর সাংস্কৃতিক ঐতিহ্য ও বন্ধনকে তুলে ধরার লক্ষ্যে সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়ে থাকে। ২০২৭ সালে ঢাকায় অনুষ্ঠেয় এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনে আন্তমন্ত্রণালয় সভা