পরিবেশ কন্ঠ

প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকদের বৈঠক

প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিটি করপোরেশনের প্রশাসকেরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। পরে প্রশাসকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সরকারপ্রধান। বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রশাসক জানান, বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে, তা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শহরের পরিচ্ছন্নতার বিষয়ে জোর দিয়েছেন এবং জলাবদ্ধতা রোধে প্রতিটি সিটি করপোরেশনের ডোবা ও খাল পরিষ্কার রাখার কথা বলেছেন। মশকনিধন কার্যক্রম যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া সামনের দিনগুলোতে চিকুনগুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। হাম ও রুবেলার ক্যাম্পেইন যথাযথ হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নিয়েছেন। এর আগে শুক্রবার বিকেলে গুলশান অ্যাভিনিউয়ের নিজ বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকদের বৈঠক