শিল্পকলায় ‘গিরগিটি’
গ্রন্থিক নাট্যগোষ্ঠী মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত হাসির নাটক ‘গিরগিটি’।
সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।
এটি ছিল নাটকটির ১৯৩তম প্রদর্শনী। রচনা ও নির্দেশনায় ছিলেন মতিউর রহমান রানা।
সমাজের স্বার্থান্বেষী মানুষের মুখোশ, সাধারণ মানুষের সম্পত্তি দখলের ষড়যন্ত্র এবং ক্ষমতার অপব্যবহারের চিত্র নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী।
নাটকটিতে হাস্যরসের মধ্য দিয়ে সমাজের নানা অসংগতি এবং স্বার্থান্বেষী মহলের প্রকৃত চরিত্র তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের সম্পত্তি দখলে প্রভাবশালীদের নানা কৌশল ও ষড়যন্ত্র নাটকের অন্যতম উপজীব্য।
প্রাণিকুলে গিরগিটি যেমন স্থান-কাল-পাত্র বিবেচনায় ক্ষণে ক্ষণে রঙ-বর্ণ-চরিত্র বদলে ফেলে, তেমনি সমাজের কিছু কিছু মানুষ সবার সঙ্গে মুখ থেকে মুখোশ বদলে নিজেদের স্বার্থ হাসিল করে। সামাজিক মানুষের ভিড়ে গিরগিটির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে স্বার্থ হাসিল করা এমন তিনটি মানুষের বৈশিষ্ট্য নিয়েই এই নাটক।
নাটকের বাহ্যিক গঠন হাসি-আনন্দের, কিন্তু নাটক মঞ্চায়ন শেষে উপলব্ধি জ্ঞান-বিবেক এবং বোধের।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।