ইউরোপ-আমেরিকার ৪১ সিনেমা হলে শাকিবের ‘রকস্টার’
ঈদের দিন থেকে শুরু করে দেশের ১০৩ প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে আজমান রুশো পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। এবার বিদেশের মাটিতে ৪১ সিনেমা হলে প্রদর্শনীর অপেক্ষায় সিনেমাটি।
মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হয়েছে 'রকস্টার' সিনেমায়। এতে ঢালিউড অভিনেতা শাকিব খানের সেই রকস্টারের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।
এবার মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সিনেমাটি নিয়ে শোনা গেছে এক আশার আলো। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'রকস্টার' সিনেমা।
আরও পড়ুনআরও পড়ুন‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হাসনাত আবদুল্লাহর রিভিউ
পরিবেশক স্বপ্ন স্কয়ারকোরের কর্ণধার সজীব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১ থিয়েটারে আগামী ৫ জুন থেকে চলবে 'রকস্টার' সিনেমাটি। তিনি বলেন, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০ (চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭, সিনেমার্কের ২ ও শোকেসের ২টি) এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের চারটি থিয়েটারে চলবে সিনেমাটি।
ফিফা ওয়ার্ল্ডকাপের আগে হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা 'রকস্টার' সিনেমার জন্য একটি ভালো দিক হতে পারে। ভালো ওপেনিং পেলে সামনের সপ্তাহে থিয়েটার বাড়ার সুযোগ আছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।