পরিবেশ কন্ঠ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংগীতশিল্পীকে হত্যা

অপহরণের ৬ দিন পরে খাল থেকে ভারতের পাঞ্জাবি গায়িকা ও মেকআপশিল্পী ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পরিবারের দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই তাকে অপহরণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর সেদিন নিজ গাড়িতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরে তার ভাই অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের তির কানাডাপ্রবাসী সুখবিন্দর সিংয়ের দিকে। পরিবারের দাবি, ইন্দরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুখবিন্দর। কিন্তু পরে ইন্দর জানতে পারেন, ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপর তিনি সম্পর্ক ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।  সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় সুখবিন্দরের বাবা প্রীতম সিং ও তার বন্ধু করমজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত সুখবিন্দর সিং ইতিমধ্যে কানাডায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সমরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া ইন্দর কৌর একসময় পাঞ্জাবি সংগীত জগতে পরিচিত মুখ ছিলেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলো মধ্যে অন্যতম ‘আফগান জট্টি’, ‘সোহনা লাগদা’, ‘লানেদারনি’, ‘দেশি সিররে দে’। প্রায় পাঁচ বছর আগে গান থেকে সরে এসে তিনি একটি বুটিক ও মেকআপ স্টুডিও পরিচালনা করছিলেন। সূত্র: এই সময়

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংগীতশিল্পীকে হত্যা