পরিবেশ কন্ঠ

মহাসড়কে যানজট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঢল-যানজটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যত নেমে এসেছে অচলাবস্থা। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে চলাচল করছে। এর সাথে ভোররাতের বৃষ্টি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। ভালুকার সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা বাসস্ট্যান্ড, ভরাডোবা, ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈল, চুরখাই, ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় ও পাটগুদাম ব্রিজমোড়—পুরো রুটজুড়েই যানজটের দীর্ঘ লাইন। কোথাও কয়েক মিনিট পরপর গাড়ি পুরোপুরি থেমে যাচ্ছে, আবার কোথাও ধীরগতিতে এগোচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু ময়মনসিংহ নয়—শেরপুর, জামালপুর ও নেত্রকোনাগামী যাত্রীদের প্রধান ভরসা এই মহাসড়ক। ঈদকে কেন্দ্র করে কয়েকগুণ বেড়ে যাওয়া যানবাহনের চাপই এই অচলাবস্থার মূল কারণ। সকাল পর্যন্ত চাপ কিছুটা সহনীয় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ছুটি হওয়ায় শ্রমিকদের ঢল, দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পশুবাহী যান একসাথে সড়কে নামায় যানজট চরম আকার ধারণ করে। যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে এক ঘণ্টার পথ পাড়ি দিতে এখন লাগছে কয়েক ঘণ্টা। বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় যান চলাচল আরো ধীর হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি শিল্পাঞ্চলের ছুটির প্রভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও যানবাহন বিকল বা ছোটখাটো দুর্ঘটনা ঘটলেই দীর্ঘ সময়ের জন্য যানজট স্থায়ী হচ্ছে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদকে ঘিরে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন মহাসড়কে চলাচল করছে। যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকল যানবাহন দ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।’ ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, যানজটপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। তবে বাস্তবতা হলো—অপরিকল্পিত যানচাপ, বৃষ্টিজনিত প্রতিবন্ধকতা ও শিল্পাঞ্চলের একযোগে ছুটির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন কার্যত যাত্রী ভোগান্তির এক দীর্ঘ করিডরে পরিণত হয়েছে। ঈদের আগে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

মহাসড়কে যানজট