পরিবেশ কন্ঠ

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি। ছয় বছর আগে বাদ দেওয়া এই শর্তটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। একই সঙ্গে পাসপোর্টের ভেতর থাকা জলছাপের নকশাতেও আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের এপ্রিলে এই শর্তটি বহালের প্রাথমিক পদক্ষেপ নেওয়া হলেও তা সব ক্ষেত্রে কার্যকর হয়নি। এবার বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নতুন পাসপোর্টে এই শর্তটি যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো জটিলতা তৈরি হবে না; মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে। পাসপোর্টের প্রতিটি পৃষ্ঠার জলছাপে থাকা ঐতিহাসিক স্থাপনা ও ব্যক্তি বা ব্যক্তি-কেন্দ্রিক প্রতিষ্ঠানের ছবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক ছবি বাদ দেওয়া হচ্ছে এবং নতুন অনেক ঐতিহ্যবাহী ছবি যুক্ত করা হচ্ছে। পাসপোর্ট থেকে যেসব ছবি বাদ যাচ্ছে তার মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, মডেল মসজিদ, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মুজিবনগর স্মৃতিসৌধ। পাসপোর্টের নতুন সংস্করণে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করা ছবি যুক্ত করা হচ্ছে। এছাড়া নতুন তালিকায় রয়েছে ঐতিহাসিক বঙ্গভবন ও ঢাকার আহসান মঞ্জিল, জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফল কাঁঠাল, জিআই পণ্য হিসেবে জামদানি শাড়ি, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, কুমিল্লার শালবন বিহার, বান্দরবানের নীলগিরি পর্বত, রাজশাহীর আমবাগান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং নারায়ণগঞ্জের পানামনগরী। পাসপোর্টে আগের মতো যে ছবিগুলো বহাল থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, হাতিরঝিল, বায়তুল মোকাররম মসজিদ, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা–বাগান, সুন্দরবন এবং জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, পাসপোর্টের ভেতরের জলছাপে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে দ্রুতই সরকারপ্রধানের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং জলছাপ পরিবর্তনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী কিছু বিষয়ে নতুন ধারার সূচনা করতে যাচ্ছে। সূত্র: প্রথম আলো

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত