পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।বৈঠক শেষে একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়।বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিক পক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।এর আগে গতকাল দিনভর শ্রমিক ও মালিকসহ সব পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ একাধিকবার সংশোধিত প্রস্তাব দেয়। তা নিয়ে আলোচনা চলে। শ্রমিক পক্ষ নিজেদের প্রাথমিক প্রস্তাব থেকে কমিয়ে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা প্রস্তাব করে। মালিক পক্ষও তাদের আগের প্রস্তাব থেকে সরে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দেয়।মঙ্গলবার বেলা ৩টার দিকে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিক পক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এছাড়া মালিক পক্ষ থেকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, সহসভাপতি রেজওয়ান সেলিম ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন উপস্থিত ছিলেন। শ্রমিক পক্ষ থেকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নেন।বিকেল সাড়ে ৪টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শ্রমিকদের মজুরি প্রস্তাবের বিপরীতে গতকাল মালিক পক্ষ প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা ন্যূনতম প্রস্তাব দেয়। পরে শ্রমিক পক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিক পক্ষ ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়। পরে শ্রমিক পক্ষ ২২ হাজার টাকা দাবি করে পুনরায় সংশোধিত প্রস্তাব জমা দেয়। সব শেষে মালিক পক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে।ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা চেষ্টা করব, আজকের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত করতে। উভয় পক্ষ এখন তৃতীয় দফা তাদের সংশোধিত প্রস্তাব জমা দেবে এবং এর ওপর আলোচনা চলবে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেক পক্ষ থেকে বিশেষজ্ঞ ডেকেছি। তারা আছেন, তথ্য‑উপাত্ত দিচ্ছেন। আমরা চেষ্টা করব, আজকেই মজুরি চূড়ান্ত করতে।’ ব্রিফিংয়ে সব পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে মজুরি বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত ছিল, ব্রিফিংয়ে তারা কোনো কথা বলবেন না।বোর্ডের সামনে বিক্ষোভ। গতকাল নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স‑বাংলাদেশের ব্যানারে কয়েকজন শ্রমিক নেতা মজুরি বোর্ডে একটি স্মারকলিপি জমা দেন। তাতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, কারখানায় ছাঁটাই বন্ধের দাবি করা হয়। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।বোর্ডের প্রথম সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধিরা দাবি করেন, আগামী ডিসেম্বর মাস থেকেই মজুরির নতুন কাঠামো বাস্তবায়ন করা হোক। মালিক পক্ষের প্রতিনিধিরা এই দাবি মেনে নেন। ফলে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত হয়, যেদিনই নতুন মজুরি ঘোষণা করা হোক, বাস্তবায়ন ডিসেম্বর মাস থেকে হবে। অর্থাৎ জানুয়ারির প্রথম সাত কর্মদিবসের মধ্যে ডিসেম্বর মাসের বেতন তোলার সময় নতুন কাঠামোর মজুরি তুলতে পারবেন শ্রমিকরা। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।গত সোমবার বোর্ডের তৃতীয় সভা হয়। কয়েক দফা বিরতি দিয়ে প্রায় পৌনে ৯ ঘণ্টা আলোচনা চলে, তবু মজুরির সিদ্ধান্তে কোনো পক্ষ একমত হতে পারেনি।সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা। সাধারণত পাঁচ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।