পরিবেশ কন্ঠ

অজিতের বাসায় একসঙ্গে বিজয়-তৃষা, জোরালো সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সুপারস্টার অজিত কুমারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে তার বাসভবনে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী- অভিনেতা থালাপতি বিজয়। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সেই মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছে বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুজনেই অজিতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর চেন্নাইয়ের বাসভবনে যান। বিজয়কে অজিতের সঙ্গে দেখা করে আলিঙ্গন করতে দেখা গেছে। অন্যদিকে তৃষাও পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান। তবে ভিডিওগুলোতে দেখা গেলেও বিজয় ও তৃষা একসঙ্গে এসেছিলেন কি না, তা স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ অনুযায়ী, তারা পৃথক গাড়িতে বাসভবনে পৌঁছান। তবুও তাঁদের একই সময়ে উপস্থিতি ঘিরে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে। এদিকে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন কি শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোচ্ছে? এ বিষয়ে বিজয় বা তৃষা কেউই কখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, তা মূলত জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ। প্রসঙ্গত, অজিত কুমারের মা মোহিনী মণি ৮৯ বছর বয়সে চেন্নাইয়ে মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার পর তিনি ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক বিবৃতিতে পরিবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শেষকৃত্য সম্পূর্ণ পারিবারিক পরিসরেই সম্পন্ন করার কথা জানিয়েছে। অজিতের এই ব্যক্তিগত শোকের মুহূর্তে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের বহু পরিচিত ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছেন। আর সেই তালিকায় বিজয় ও তৃষার উপস্থিতিই এখন নেটদুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে। সূত্র: সংবাদ প্রতিদিন

অজিতের বাসায় একসঙ্গে বিজয়-তৃষা, জোরালো সম্পর্কের গুঞ্জন