পরিবেশ কন্ঠ

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচন করেছে : নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে দলটির বিচার শুরুর দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বিমানবন্দরে ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্র উন্মোচিত করেছে। জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও দলটির নেতাকর্মীদের আচরণে পরিবর্তন আসেনি বলেন তিনি। তিনি আরও লেখেন, দেশে-বিদেশে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলের গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার আহ্বান জানান। নাহিদ লেখেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচন করেছে : নাহিদ ইসলাম