ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি

আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকেরা। একই সঙ্গে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ইউনিক ৫৮৪ মেগাওয়াট ও রিলায়েন্স ৭১৮ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা পুনর্বিন্যাসের আহ্বান জানানো হয়েছে।মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আয়োজিত এক মানববন্ধন ও জনসমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ইএসএডিএস), ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, দেশের জ্বালানি খাত ক্রমাগত আমদানিনির্ভর গ্যাস, এলএনজি, কয়লা ও তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা, সরবরাহের অনিশ্চয়তা এবং আমদানির উচ্চ ব্যয় দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতের ওপর তীব্র চাপ তৈরি করছে। জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগ দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে।আন্তর্জাতিক অর্থায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত মেঘনাঘাটের ওই দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানি খাতে আন্তর্জাতিক অর্থায়নের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তৈরি করেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়ায় এমন প্রকল্পের পরিবর্তে আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত বাংলাদেশের টেকসই জ্বালানি রূপান্তরে সহায়তা করা।বক্তারা আরও বলেন, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, বৃহৎ সৌরপ্রকল্প, বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থা এবং ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির সমন্বয়ে একটি টেকসই ও বৈচিত্র্যময় জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।সমাবেশ থেকে মেঘনাঘাটের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ পুনর্বিন্যাস, এআইআইবি ও এডিবির অর্থায়নের অগ্রাধিকার পুনর্বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক প্রভাবের স্বাধীন ও স্বচ্ছ মূল্যায়নের দাবি জানানো হয়। পাশাপাশি জ্বালানি খাতের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগণ, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ শাখা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, মোহাম্মদ আলী আনিস, মঞ্জুরুল ইসলাম ডালিম, জামান মিয়া, আলআমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবেশকর্মী, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।

জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি