২০২৩-২৪ সালে বিশ্বজুড়ে নদী-হ্রদের পানি হ্রাস পেয়েছে
২০২৩‑২৪ সালে বিশ্বজুড়ে নদী‑হ্রদের পানি হ্রাস পেয়েছেরেকর্ড উষ্ণতার দুই বছর ২০২৩ ও ২০২৪‑এ বিশ্বজুড়ে নদ‑নদী, হ্রদ ও জলাধারের পানির স্তর নজিরবিহীনভাবে কমে গেছে। চরম বৈশ্বিক তাপমাত্রার কারণে এমনটি ঘটেছে বলে এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে।চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় বৈশ্বিক পানিব্যবস্থা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ইতিহাসের উষ্ণতম এই দুই বছরে পৃথিবীর ভূপৃষ্ঠের মিঠাপানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এ সময় বিশ্বজুড়ে নদীর পানি প্রবাহ স্বাভাবিকের চেয়ে প্রায় ৫.৭ % কমেছে, আর হ্রদ ও জলাধারে জমে থাকা পানির পরিমাণ ৯.৫ % কমেছে। ১৯৯১ সালের পর ভূপৃষ্ঠের পানির স্তরে এটিই সবচেয়ে বড় সমন্বিত পতন।পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পানিচক্র আরও চরম রূপ নিচ্ছে। উষ্ণ বায়ুমণ্ডল মাটি, নদী ও হ্রদ থেকে বেশি পরিমাণে আর্দ্রতা শোষণ করে, আর উত্তপ্ত ভূমি বাষ্পীভবনের গতি বাড়িয়ে দেয়। সেই আর্দ্রতা পরে অন্য কোথাও, বিশেষ করে সমুদ্রের ওপর ভারী বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। ফলে খরা ও বন্যার মতো চরম অবস্থার মধ্যে দ্রুত পরিবর্তন ঘটছে। অর্থাৎ, ২০২৩‑২৪ সালে তীব্র বন্যা‑কবলিত এলাকাগুলোরও বছরের বাকি সময় নদীতে পানির প্রবাহ কম ছিল।এই ফলাফলে পৌঁছাতে গবেষকরা ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১৫০টি প্রধান নদী অববাহিকার পানি প্রবাহের তথ্য বিশ্লেষণ করেছেন। এর সঙ্গে স্যাটেলাইট তথ্যের মাধ্যমে ১২ লক্ষেরও বেশি হ্রদ ও জলাধারের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।গবেষণার অন্যতম লেখক ড. সুলগ্না মিশ্র বলেন, “এই ফলাফল জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য তুলে ধরেছে। উষ্ণ বায়ুমণ্ডল মানেই স্থলভাগে বেশি পানি পাওয়া যাবে, তা নয়। এই সময়ে বিশ্বজুড়ে বৃষ্টিপাত বাড়লেও এর বেশির ভাগই সমুদ্রের ওপর হয়েছে। অন্যদিকে, স্থলভাগের অনেক অঞ্চলে পানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে।”এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দক্ষিণ আমেরিকায়। সেখানে নদীর প্রবাহ ১৭.৮ % এবং হ্রদ ও জলাধারের পানি ১৬.৫ % কমেছে। অথচ ওই অঞ্চলের কিছু এলাকায় চরম বৃষ্টিপাত ও বন্যা দেখা গেছে।ইউনিভার্সিটি অব ইস্ট অ্যানগ্লিয়ার জলবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ই হি বলেন, “২০২৩‑২৪ সালে দক্ষিণ আমেরিকার কিছু অংশে ভয়াবহ বন্যা হয়েছে। তবুও ওই দুই বছরে মহাদেশের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক কম পানি প্রবাহিত হয়েছে। অতিবৃষ্টির সময় কোনো নদীতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে, অথচ বছরের বাকি অধিকাংশ সময় পানির স্তর স্বাভাবিকের নিচে থাকে।”সুপার এল নিনো, জলবায়ু সংকটজনিত খরা, দূষণ এবং অতিরিক্ত পানি উত্তোলনের মতো বহুমুখী হুমকির মুখে রয়েছে বিশ্বের পানি সরবরাহব্যবস্থা। গবেষকরা জানান, বিশ্বের পানি সরবরাহব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ, তা এই গবেষণায় স্পষ্ট হয়েছে। পৃথিবী যতই উষ্ণ হচ্ছে, ভবিষ্যতে কী পরিমাণ পানি পাওয়া যাবে, তা অনুমান করা ততই কঠিন হয়ে পড়ছে।ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির নীতি কমিটির চেয়ার অধ্যাপক ক্রিস্টিয়ান ডান বলেন, “এই গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আমাদের মিঠাপানির উৎসগুলো কত দ্রুত কমে যেতে পারে। এমনকি যেসব অঞ্চলকে আমরা সাধারণত আর্দ্র বা পানিপ্রধান বলে মনে করি, সেখানেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এই গবেষণা দেখিয়েছে, কেবল বন্যা হওয়ায় আমরা পানির দিক থেকে নিরাপদ নই।”ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড অ্যালান বলেন, “বৈশ্বিক নদী প্রবাহ ও হ্রদের পানির স্তরের এই নজিরবিহীন পতন একটি বিষয় নিশ্চিত করেছে: অতিবৃষ্টি ও চরম খরার যে ক্ষতিকর দোলাচল আমরা অনুভব করছি, তার প্রভাব এখন পৃথিবীর স্থলভাগের সব জলব্যবস্থায় দৃশ্যমান। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আমরা জলবায়ুকে স্থিতিশীল না করা পর্যন্ত এই চরম আচরণ এবং মানুষের ওপর এর বিরূপ প্রভাব আরও বাড়তেই থাকবে।”