মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক। বিদেশে পাঠানোর নামে দালালচক্রের প্রতারণা, অবৈধ পথে অভিবাসন এবং নানা ধরনের ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন অংশগ্রহণ করেন।কর্মশালায় সনমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন সৈকত বলেন, মানব পাচার ও অনিরাপদ অভিবাসন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সচেতনতা তৈরি করতে হবে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।তিনি আরও বলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালের প্রলোভনে না পড়ে সরকারি নিয়ম ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সঠিক তথ্য না জেনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভয়াবহ বিপদের কারণ হতে পারে।সানমান্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি ব্র্যাককে উৎসাহিত করেন।দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোবারক হুসাইন বলেন, বিদেশগামীদের সরকারি নিয়ম ও বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ যাওয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশে কোনো অভিবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারি নিয়ম ও প্রাপ্য সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকা প্রয়োজন।সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ ও দক্ষতা অর্জন করা জরুরি। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে প্রত্যাশিত কর্মসংস্থান পাওয়া কঠিন। শুধু অভিবাসীর সংখ্যা বাড়ানো নয়, প্রবাসী আয় ও দেশের অর্থনীতিতে তাঁদের অবদান বাড়াতেও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।কর্মশালায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের বিভিন্ন ধরন, দালালচক্রের প্রতারণার কৌশল, অনিরাপদ অভিবাসনের ঝুকি এবং বৈধ পথে বিদেশ যাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করা হয়। বিদেশ যাওয়ার আগে ভিসা, চুক্তিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং দালালদের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন থেকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ফর সেফ মাইগ্রেশন, নারায়ণগঞ্জের আউটরিচ অফিসার ফাতিমা সাদিয়া খান। তিনি বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সঠিক তথ্য প্রচার ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি কমানো সম্ভব।কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত প্রকল্পটির মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, নিরাপদ অভিবাসন বিষয়ে সঠিক তথ্য প্রচার এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।