পরিবেশ কন্ঠ

রোমে একসঙ্গে বৃক্ষরোপণ করছেন মোদি ও মেলোনি

পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে একসঙ্গে বৃক্ষরোপণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারতের “এক পেড় মা কে নাম” কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা রোমে একটি  ব্ল্যাক মালবেরি বা কালো তুঁত গাছের চারা রোপণ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই খবর জানিয়ে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আজ রোমে একটি কালো তুঁত গাছ রোপণ করেছেন। ভারতে এই গাছটি ‘কৃষ্ণ তুঁত’ নামে পরিচিত এবং এর খাদ্য, ঔষধি ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে এটি ভারত ও ইতালির মধ্যে একটি সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনযাপনকে উৎসাহিত করতে এই বৃক্ষরোপণ করা হয়, যা ভারতের ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের অংশ।   এই সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-ইতালি বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেলোনির প্রতিশ্রুতির প্রশংসাও করেন তিনি। মোদি বলেন, বাণিজ্য, মহাকাশ গবেষণা ও প্রযুক্তির মতো ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এই সম্পর্ক আরও গভীর করতে আমরা আমাদের অংশীদারিত্বকে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছি। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, বর্তমান পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত ও ইতালির এই অংশীদারিত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুটি প্রাচীন সভ্যতার প্রজ্ঞা, সামাজিক সৃজনশীলতা এবং অর্থনৈতিক গতিশীলতার ওপর ভর করে এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষনেতারা ২০২৫-২০২৯ সালের যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা-র অগ্রগতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মপরিকল্পনা নিয়মিত তদারকির জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি স্থায়ী ব্যবস্থাও চালু করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

রোমে একসঙ্গে বৃক্ষরোপণ করছেন মোদি ও মেলোনি