নমঃশূদ্রদের অধিকার ও উন্নয়নের আন্দোলন
সমবায়ের মূল দর্শন পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা। ব্যক্তিগত সক্ষমতাকে সমষ্টিগত শক্তিতে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়ন সাধনই সমবায় আন্দোলনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ ২৯ বছর ধরে কাজ করে যাচ্ছে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ। সংগঠনটি এখন শুধু একটি সমবায় প্রতিষ্ঠান নয়, বরং সনাতন ধর্মাবলম্বী নমশূদ্র সম্প্রদায়ের আর্থ‑সামাজিক উন্নয়ন, সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার একটি সম্মিলিত আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।গতকাল শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ‑এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য জনাব আহমেদ আজম খান। উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি এবং প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান শ্রী জিতেন্দ্র লাল ভৌমিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুবর্ণা সিকদার (ঠাকুর), ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত ডিআইজি (অব.) ও শ্রীশ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের সাবেক সভাপতি শ্রী সত্য রঞ্জন বাড়ৈ, এবং বিশিষ্ট শিল্পপতি ও ডিএমএস কমোডিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রী দীপক কুমার বড়াল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ‑এর সম্পাদক শ্রী অতুল চন্দ্র মণ্ডল। সভাপতিত্ব করেন সমিতির সহ‑সভাপতি, প্রকৌশলী রবীন্দ্র নাথ সরকার।বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ রয়েছে। বিশেষ করে নমশূদ্র সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দারিদ্র্য ও অশিক্ষার সীমাবদ্ধতা থেকে বের করে এনে স্বাবলম্বী করে তুলতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা আরও উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বী সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা বর্ণবৈষম্য, সামাজিক বিভাজন ও অধিকারবঞ্চনার অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। মানবিক মর্যাদা, সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে।ছবি: সংগৃহীতগৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মতো মনীষীরা তাঁদের কর্ম ও আদর্শের মাধ্যমে সমাজ সংস্কার, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে নমশূদ্রসহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ জীবন, সম্পদ ও সর্বস্ব বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশকে বাড়িঘর ও সম্পত্তি ছেড়ে বাস্তুচ্যুত হতে হয়েছে। তাই স্বাধীন বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৯ আগস্ট কয়েকজন সমাজহিতৈষী মানুষের উদ্যোগে অনুভবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমবায়ের আদর্শে সদস্যদের আর্থ‑সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি একটি সুসংগঠিত অবস্থানে পৌঁছেছে। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে অসচ্ছল ও পিছিয়ে পড়া নমশূদ্র জনগোষ্ঠীর মধ্যে সমবায়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সংগঠনটির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।অনুভবের এই উদ্যোগকে বক্তারা একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, শুধু আর্থিক লেনদেন কিংবা সঞ্চয় গড়ে তোলাই সমবায়ের উদ্দেশ্য হওয়া উচিত নয়; বরং শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সমবায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, একটি সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই সম্প্রদায়ের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শিক্ষিত, সচেতন, ঐক্যবদ্ধ ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারে। অনুভব বহুমুখী সমবায় সমিতি সেই লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ প্রকাশ করেন।দীর্ঘ ২৯ বছরের পথচলায় অনুভবের অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সমবায় আন্দোলনের সুফল পৌঁছে দেওয়ার প্রত্যয় প্রকাশ করা হয়েছে। সবশেষে বলা যায়, অনুভবের পথচলা কেবল একটি সমবায় প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়—এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি জনগোষ্ঠীর আত্মমর্যাদা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন।