নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: জরিমানা ও নিষিদ্ধ হর্ন জব্দ
নারায়ণগঞ্জ শহরের ক্রমবর্ধমান শব্দদূষণ নিয়ন্ত্রণে এবার মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় এবং অসহনীয় উচ্চশব্দ নিয়ন্ত্রণে মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সদর উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অমান্য করার দায়ে ৫টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তারা সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযানের মূল লক্ষ্য ছিল ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের হাইড্রোলিক হর্ন এবং উচ্চমাত্রার শব্দের ব্যবহার বন্ধ নিশ্চিত করা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।অভিযান চলাকালে দেখা যায়, সরকারি কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও অনেক যানবাহন জনবহুল এলাকায় উচ্চশব্দে হর্ন বাজাচ্ছে। বিধিমালা-২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী পাঁচটি যানবাহনকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে মোট ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসাথে ওই সকল যানবাহন থেকে পাঁচটি উচ্চশব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হর্ন খুলে নিয়ে তা স্থায়ীভাবে জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান জানান, শব্দদূষণ কেবল পরিবেশের ক্ষতি করছে না, এটি সাধারণ মানুষের শ্রবণশক্তি ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে।নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, জেলায় দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে তাদের এই বিশেষ তদারকি ও অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে। মূলত জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে একটি দূষণমুক্ত জেলা গড়ে তোলাই প্রশাসনের মূল উদ্দেশ্য। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধারণ পথচারী ও নাগরিক সমাজ সাধুবাদ জানিয়েছেন।পরি-কন্ঠ/মুয়াজ