যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
সুনামগঞ্জের যাদুকাটা নদীর দুই অংশ থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, মামলা সংক্রান্ত জটিলতায় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ এই দুটি বালুমহাল চলতি বাংলা সনের শুরুতে ইজারা হয়নি। গত ১৪৩২ বাংলা সনের ইজারাদারেরা চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করেছে।
সুনামগঞ্জের এই দুটি বালুমহাল ১৪৩২ বাংলা সনের জন্য ইজারা দিতে বিজ্ঞপ্তি দিয়ে সর্বোচ্চ ১০৮ কোটি টাকা দর পাওয়া যায়। কিন্তু পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারাদারকে দখল সমঝে দিতে পারেনি প্রশাসন। প্রায় পাঁচ মাস পর দখল পায় ইজারাদার। ১৪৩৩ বাংলা সনের জন্য আবার ইজারা দেয়ার উদ্যোগ নেয়ার পর আদালতের আদেশে সেটি সম্ভব হয়নি। আদালতের আদেশে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহালগুলো থেকে টোল আদায় করে পূর্বের ইজারাদার।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানিয়েছেন, আপিল বিভাগের আদেশ জারি করায় জেলা প্রশাসক মহোদয়ের নিষেধাজ্ঞা অনুযায়ী যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: