পরিবেশ কণ্ঠ

ভুয়া মেডিকেল কলেজে কঠোর হুঁশিয়ারি: ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ হবে’

দেশে অনিয়মে জর্জরিত বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি স্পষ্ট করে বলেছেন, ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করে দেওয়া হবে।শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনেও মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের ফাইল পর্যালোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি একাধিক প্রতিষ্ঠানের গুরুতর অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, অনেক মেডিকেল কলেজ ন্যূনতম নীতিমালা মানছে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। বছরের পর বছর সতর্ক করার পরও এসব প্রতিষ্ঠানের আচরণে পরিবর্তন আসেনি।প্রতিমন্ত্রী আরও জানান, কিছু কলেজের নিজস্ব জমি নেই, প্রয়োজনীয় অবকাঠামো নেই, এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। কোথাও পর্যাপ্ত হাসপাতাল নেই, রোগী নেই—এ অবস্থায় শিক্ষার্থীরা কীভাবে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।তিনি বলেন, অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য বিপুল অর্থ ব্যয় করছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হচ্ছেন। অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে বের হওয়া এসব চিকিৎসক দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।সরকারের অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে নির্ধারিত ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ বজায় রাখতে হবে। পর্যাপ্ত জনবল, হাসপাতাল সুবিধা এবং রোগী না থাকলে কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।তিনি আরও বলেন, বর্তমান সরকার অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ গড়তে কাজ করছে। সেই লক্ষ্যে স্বাস্থ্যখাতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে পরিচালিত এই অভিযানে সবার সমর্থন প্রয়োজন। জনগণের সহযোগিতা থাকলে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।পরি-কন্ঠ/মুয়াজ

ভুয়া মেডিকেল কলেজে কঠোর হুঁশিয়ারি: ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ হবে’