দাউদকান্দিতে মাদক কারবারিসহ গ্রেফতার ৪
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি, এক ডাকাত ও এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারীর নির্দেশনায় এসআই মিনহাজুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিম ডিউটিকালে গৌরীপুর বাজার ফার্নিচার পট্টির খিদমাতুল কুরআন মাদরাসার সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইকবাল হোসেন (৪৪) ও মো: মনু মিয়া (৪৯) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতার ইকবাল হোসেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামের বাসিন্দা এবং মনু মিয়া তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও বেপারী বাড়ির বাসিন্দা।
অপরদিকে, এসআই মো: ইমাম উদ্দীনের নেতৃত্বে এক দল পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রিলায়েবল পেট্রোল অ্যান্ড সিএনজি পাম্প এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে মো: আকরাম হোসেন (২১) নামে এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আকরাম হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা।
এছাড়া এসআই অধীর চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ পৌরসভা এলাকা থেকে মো: সৌরভ (২১) নামে এক চোরকে গ্রেফতার করে।
অধীর চৌধুরী নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্রীপর্দি এলাকার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।