হাওরে ধান কেটে ফেরার পথে ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ১
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে হাওরে ধান কেটে ফেরার পথে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ইমান নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে আদমপুর ইউনিয়নের নূরপুর গ্রামের অদূরে এ ঘটনা ঘটে। ইমান (২৫) নূরপুর এলাকার নালিতাকান্দি পাড়ার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নূরপুর গ্ৰামের চারজন কৃষক নৌকা নিয়ে হাওরে ধান কাটা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেযন। এমন সময় হঠাৎ কালবৈশাখী শুরু হলে বজ্রপাতের ভয়ে ইমান পানিতে নেমে যান। বাকি তিন কৃষক নৌকায় ছিলেন। পরে নৌকা ডুবে গেলে তিন কৃষক তীরে ফিরতে সক্ষম হলেও ইমান নিখোঁজ রয়েছেন। এ সংবাদ গ্ৰামে পৌঁছালে গ্ৰামের লোকজন নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পরও ইমানের খোঁজ পাননি সন্ধানকারীরা। ইমানের বাবা আবুল হোসেন ছেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলে ডুবুরি দিয়ে তল্লাশি চালাতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।