নারায়ণগঞ্জে ৩০ টাকা কেজি দরে চাল পাবেন গার্মেন্টস শ্রমিকরা
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানো ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ১০টি স্থানে প্রতি শুক্রবার বিশেষ ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে চাল বিক্রি শুরু হয়েছে।
কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার জেলার ১০টি স্থানে পোশাকশিল্পের শ্রমিকদের কাছে এসব চাল বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে একেক স্থানে চাল বিক্রি হবে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে প্রতি শুক্রবার নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন পোশাকশ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সরকার এ কার্যক্রম চালু করেছে। প্রথম দিনেই শ্রমিকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। আগামী তিন মাস এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহের এ সুযোগ নিতে নারায়ণগঞ্জের সব গার্মেন্টস শ্রমিককে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।