পরিবেশ কন্ঠ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে এখনও কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষার দাবির সমন্বয় করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু করার প্রস্তাব রাখা হয়েছে।  শিক্ষার্থী ও অংশীজনদের চাওয়াকে গুরুত্ব দিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসজুড়ে নির্ধারণ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।  একই সঙ্গে বহাল রাখা হচ্ছে শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণাও!  অর্থাৎ, ৩১ ডিসেম্বর শুরু হতে পারে এসএসসি পরীক্ষা। এরপর জানুয়ারি মাসজুড়ে ৩৮ দিনের রুটিনে রোজার ছুটির আগেই তা শেষ করা হবে। এতে পুরো জানুয়ারিজুড়ে লিখিত পরীক্ষা এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।  প্রাথমিক খসড়া অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করতে এই সময়সূচি বিবেচনায় নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।  একইসঙ্গে ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ভবিষ্যতে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ডিসেম্বরের মধ্যে আনতেও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।  বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ৮-৯ ফেব্রুয়ারি থেকে রোজার ছুটি শুরু হতে পারে। তার আগেই এসএসসি পরীক্ষা শেষ করা যায় কি না, তা শিক্ষামন্ত্রী বিবেচনা করতে বলেছেন। তিনি ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু ধরে এবং ৭ ফেব্রুয়ারি শেষ ধরে একটি পূর্ণাঙ্গ খসড়া সময়সূচি তৈরির নির্দেশনা দিয়েছেন। সেটি তৈরির পর আবার পর্যালোচনা করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষামন্ত্রী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি এটি বারবার বলে আসছেন। এ কারণে ডিসেম্বরেই পরীক্ষা শুরুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।  আর শিক্ষার্থী-অভিভাবকরা যেহেতু হুট করে পরীক্ষা এগোনোর বিপক্ষে এবং তারা জানুয়ারিতে পরীক্ষা নিতে প্রস্তাব দিয়েছেন। সেদিক বিবেচনা করে ডিসেম্বরের শেষ দিনে পরীক্ষা শুরু করে পুরো জানুয়ারিতে রুটিন সাজানোর সিদ্ধান্ত হয়েছে। এতে মন্ত্রীর কথা থাকছে এবং শিক্ষার্থীদের চাওয়াও পূরণ হচ্ছে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর