পুরুষের মজুরি যেখানে ১০০ টাকা, নারীর ৮৫
কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর মজুরি কম। একজন পুরুষ যে কাজের জন্য ১০০ টাকা মজুরি পান, একই কাজের জন্য একজন নারী পান ৮৫ টাকা। কর্মক্ষেত্রের শুরুতে নারীর অংশগ্রহণ ২২ শতাংশ থাকলেও এক পর্যায়ে তা ৬ শতাংশে নেমে যায়। এ ছাড়া নারীরা কারিগরি ও নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণেও তুলনামূলক কম সুযোগ পান। কর্মক্ষেত্রের বাইরেও গৃহস্থালি দায়িত্বের কারণে তাদের কাজের চাপও অনেক বেশি। উৎপাদন শিল্প, স্বাস্থ্য, অর্থনীতি, ওষুধ শিল্প, রিয়েল এস্টেট ও চামড়া শিল্পসহ বিভিন্ন খাতে জেন্ডার সমতা চর্চার বর্তমান অবস্থা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। ‘ট্রান্সফর্মিং ওয়ার্কপ্লেসেস: ড্রাইভিং ইকুইটি অ্যান্ড এমপাওয়ারিং অ্যাকশন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
বেসরকারি উন্নয়ন সংগঠন সাজেদা ফাউন্ডেশন এবং গেটস ফাউন্ডেশন রোববার রাজধানীর শেরাটন হোটেলে যৌথভাবে এ আলোচনা অনুষ্ঠান আয়োজন করে। কর্মক্ষেত্রে জেন্ডার সমতা এগিয়ে নিতে অনুষ্ঠান থেকে ‘জেন্ডার চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক (জিসিএন)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরই মধ্যে ১০টি প্রতিষ্ঠান এই নেটওয়ার্কে জেন্ডার চ্যাম্পিয়ন হিসেবে যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন এবং বাংলাদেশের কর্মক্ষেত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ অ্যাডভাইজর ড. সাজেদা আমিন।