অবৈধ গ্যাস ইস্যুতে তিতাসের কর্মকর্তাদের ‘পেটানোর’ নির্দেশ বিএনপি এমপির
নারায়ণগঞ্জে নৌপথে চাঁদাবাজি ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নৌপথে চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাসের কর্মকর্তাদের দায়ী করে তাঁদের ‘পেটাতে’ পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই সংসদ সদস্য।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নাউক চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘মেঘনা নদীতে বালুর বাল্কহেড ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। এখন নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়। এটার সঙ্গে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত।’
অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে এমপি বলেন, ‘পুরো সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ।’
তিতাস গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির এমপি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এই সব দেওয়া হইছে। অবৈধ গ্যাস লাইনের জন্য যদি মামলা দেওয়া হয় তাইলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কমে গেছে।’
আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, ‘আমি আমার থানায় অর্ডার দিয়েছি, যারা তিতাস গ্যাসের অফিসার যাবে তাদের আগে পিটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।’