প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা
||
দেশে কিশোর অপরাধ দমনে আগামী তিন মাসের মধ্যে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ।দেশে কিশোর অপরাধ ও গ্যাং কালচার রোধে আগামী তিন মাসের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, কিশোরদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। কিশোরদের হাতে অস্ত্র নয়, বই-খাতা তুলে দেওয়ার লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।অনুষ্ঠানে চিফ হুইপ আরও বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগের। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার কোনো হাতুড়ি বা হেলমেট বাহিনী প্রশ্রয় দেবে না। বিগত শাসনামলের অপরাধীরা রাজনৈতিক খোলস পাল্টে এখনো সক্রিয় থাকার চেষ্টা করছে। তবে সরকার নিজের ঘর থেকেই অনিয়ম ও অপরাধ নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে অপরাধ করে কেউই পার পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংগুলো বর্তমানে নতুন মোড়কে অপরাধ চালাচ্ছে। এদের রুখতে কেবল রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং সামাজিক আন্দোলন ও সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন। অপরাধ প্রবণতা কমাতে মাঠ পর্যায়ে সচেতনতা তৈরির গুরুত্বও উঠে আসে আলোচনায়।সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও উস্কানিদাতাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন চিফ হুইপ। তিনি জানান, সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে ডিজিটাল প্লাটফর্মের অপব্যবহার রোধসহ কিশোরদের নৈতিক অবক্ষয় ঠেকাতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সবশেষে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে সাধারণ জনগণের সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বৃদ্ধির আহ্বান জানানো হয়।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ