প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
||
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।ঘটনার সূত্রপাত গত ১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে, যখন মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের চাপ সামলাতে ট্রলি সংকট দেখা দেয়। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। এছাড়াও তিনি বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দিলে নিরাপত্তা সুপারভাইজারকেও শারীরিকভাবে আক্রমণ করেন এবং পবিত্র জমজমের পানির বোতল ফেলে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ, আখতারুজ্জামানের এমন মারমুখী আচরণ বিমানবন্দরের মতো স্পর্শকাতর ও সংরক্ষিত এলাকার স্বাভাবিক শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিসহ সাধারণ যাত্রীরাও তার এমন অপেশাদার ও আক্রমণাত্মক আচরণের শিকার হয়েছেন। ঘটনার সময় অভিযুক্তের প্রটোকল সহায়কারীরাও সরকারি স্থাপনায় অননুমোদিত ভিডিও ধারণ করে নিরাপত্তা বিধি লঙ্ঘন করেন, যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ১৮৬,১৮৯,২৯৪,৩২৩,৩৫২,৩৫৩,৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হেনস্তার অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের শৃঙ্খলা বজায় রাখতে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ