প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে ‘অহিংসতা ও যুদ্ধমুক্ত পৃথিবী চাই’ শীর্ষক রচনা প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক ||
“শান্তি হোক মানবতার ভাষা, যুদ্ধ নয়”—এই প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অহিংসতা ও যুদ্ধমুক্ত পৃথিবী চাই’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁয়ের বাহাউল হক এনপিআই ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হিউম্যানিস্ট সোসাইটি, বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি ড. সেলিম রেজা, নরসিংদী নেইবারহুডের কোঅর্ডিনেটর নূরুন নাহার খান শিখা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ভূইয়া এবং বাহাউল হক এনপিআই ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস প্রিন্সিপাল মীর মোহাম্মদ শাহীনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্যে হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি ড. সেলিম রেজা বলেন, “শান্তি শুধু যুদ্ধ না থাকার নাম নয়; শান্তি হলো মানুষের প্রতি মানুষের সম্মান, সহমর্মিতা, যুক্তিবোধ ও মানবিক মর্যাদা নিশ্চিত করার একটি সামাজিক চর্চা। আমরা চাই, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের পৃথিবীকে আরও মানবিক, সহনশীল ও শান্তিপূর্ণ করে গড়ে তুলুক। যুদ্ধ ও সহিংসতা কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। সংলাপ, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতাই পারে সংঘাতের পরিবর্তে শান্তির পথ তৈরি করতে।”তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে অহিংসা ও মানবিক মূল্যবোধের চর্চা যত বাড়বে, সমাজে সহনশীলতা ও শান্তির পরিবেশ তত শক্তিশালী হবে। একটি যুদ্ধমুক্ত পৃথিবীর স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুদ্ধ, সহিংসতা ও সংঘাতের পরিবর্তে শান্তি, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় তুলে ধরে। তাদের লেখায় ফুটে ওঠে—যুদ্ধ নয়, সংলাপ; হিংসা নয়, মানবতা; বিভেদ নয়, শান্তিই হোক ভবিষ্যৎ পৃথিবীর ভিত্তি।আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে অহিংসা, মানবিক মূল্যবোধ ও শান্তির চেতনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই আগামী প্রজন্মের জন্য একটি যুদ্ধমুক্ত পৃথিবীর ভিত্তি তৈরি করা সম্ভব। এমন আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ