প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
টিসিবির নতুন কার্ড পেতে এনআইডি ও মোবাইল নম্বর বাধ্যতামূলক
||
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপকারভোগী নির্বাচনের নতুন নির্দেশিকা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি বা সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মঙ্গলবার প্রকাশিত এই নির্দেশিকায় হতদরিদ্র পরিবার, দিনমজুর, ভূমিহীন, ক্ষুদ্র কৃষক ও প্রতিবন্ধী সদস্যদের বিশেষ অগ্রাধিকার দিয়ে উপকারভোগী নির্বাচনের কথা জানানো হয়েছে। প্রতিটি পরিবারের জন্য একটি মাত্র কার্ড বরাদ্দ থাকবে এবং কোনো পরিবারে একাধিক ব্যক্তি এই সুবিধা নিতে পারবেন না। স্থায়ী বাসিন্দা হিসেবে এনআইডি ও মোবাইল নম্বর নিবন্ধন এখন বাধ্যতামূলক করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, কার্ডধারী প্রতিটি পরিবার নিয়মিত ২ লিটার ভোজ্যতেল,২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাবেন। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ সাপেক্ষে ৫ কেজি চাল দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ২ লাখ টন তেল,২ লাখ ২০ হাজার টন ডাল এবং ১ লাখ ১০ হাজার টন চিনি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ দিবসে ভ্রাম্যমাণ ট্রাকসেলে পণ্য বিক্রির সুযোগ রাখা হয়েছে এবং পুরো কার্যক্রম সরাসরি মনিটরিং করা হবে।স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারের দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত মনিটরিং কমিটি ও ট্যাগ টিম মাঠপর্যায়ে সার্বিক তদারকি করবে। অনিয়ম রোধে পূর্বের ৫৯ লাখ কার্ড বাতিল করা হয়েছে এবং এখন সব তথ্য ' টিসিবি সেবা অ্যাপ'-এর কেন্দ্রীয় ডেটাবেইসে সংরক্ষিত থাকবে। প্রকৃত সুবিধাপ্রাপ্তদের কাছে পণ্য পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।আগামী দিনগুলোতে ভর্তুকি ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে টিসিবির কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগের অর্থবছরের তুলনায় এবার ভর্তুকির পরিমাণ ২ হাজার ৭০০ কোটি টাকা থেকে কমিয়ে ২ হাজার ৪০০ কোটি টাকায় নামিয়ে আনার প্রাক্কলন করা হয়েছে। ডিজিটাল ডেটাবেইসের মাধ্যমে অনিয়ম কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের সেবা নিশ্চিত করাই এই নতুন নির্দেশিকার প্রধান উদ্দেশ্য বলে মনে করছেন নীতি-নির্ধারকরা।সূত্র: বাণিজ্য মন্ত্রণালয়পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ