প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, শীর্ষ কর্মকর্তাদের বেতন দ্বিগুণ
||
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার (১৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা প্রজ্ঞাপনে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতনও নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর ১২ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এত দিন এসব পদে মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। অর্থাৎ তাদের মূল বেতন দ্বিগুণ হয়েছে।
এ ছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা। এত দিন এসব পদে মূল বেতন ছিল ৮২ হাজার টাকা।
নতুন বেতনকাঠামোয় গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা করা হয়েছে।
গ্রেড-৫-এর প্রারম্ভিক মূল বেতন ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ থেকে বেড়ে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ২৯ হাজার থেকে বেড়ে ৫৮ হাজার টাকা এবং গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা হয়েছে।
এ ছাড়া গ্রেড-৯-এর প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এর ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। গ্রেড-১১-এর বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
গ্রেড-১২-এর প্রারম্ভিক মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এ ১১ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা হয়েছে।
অন্যদিকে গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ৯ হাজার থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে বেড়ে ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ