প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ রক্ষায় টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ||
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব চিন্তাধারা গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্কুল ও কলেজভিত্তিক ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সোনারগাঁও শাখার সভাপতি ফজলুল হক ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নাজিমুদ্দিন, রাকিব হাসান, মোঃ বাবুল, বিদ্যালয়ের পরিচালক পীর মোহাম্মদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সচেতন করে তুলতে হবে। রচনা প্রতিযোগিতার মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের পরিবেশগত সমস্যা সম্পর্কে জানার পাশাপাশি তাদের চিন্তা ও লেখনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বক্তারা আরও বলেন, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক বর্জ্য নদী-খাল, জলাশয়, মাটি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাই প্লাস্টিকের ব্যবহার কমানো, যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য না ফেলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় নিজেদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।সভাপতির বক্তব্যে মোঃ হোসাইন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকরা পরিবেশ রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।পরি-কন্ঠ/ মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ