প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় বিয়ে
বিনোদন ডেস্ক ||
আইরিশ-অস্ট্রেলিয়ান ধনকুবের ক্যামেরন ও’রিলির সঙ্গে নতুন জীবনে পা রাখলেন ব্রিটিশ প্রযোজক ও সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথ।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান খ্যাতিমান অর্থলগ্নিকারী ও ব্যবসায়ী ক্যামেরন ও’রিলির সঙ্গে তিনি নতুন করে ঘর বেঁধেছেন। প্রতিবেদনের সূত্রমতে, জেমিমা ও ক্যামেরনের মধ্যে গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল এবং চলতি বছরের মে মাসে তারা নিভৃতে বাগদান সম্পন্ন করেছিলেন। জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ এই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। জেমিমা গোল্ডস্মিথের ভ্রাতৃবধূ জেমিমা জোন্স তাদের বিয়ের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি এই দিনটিকে দারুণ আনন্দের হিসেবে উল্লেখ করে নবদম্পতির সুখকামনা করেন। ক্যামেরন ও‘রাইলি হলেন প্রয়াত মিডিয়া মুঘল এবং আন্তর্জাতিক রাগবি জগতের কিংবদন্তি স্যার অ্যান্থনি ও‘রাইলির সুযোগ্য সন্তান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা ক্যামেরন তার ক্যারিয়ারের বড় একটি সময় বাবার প্রতিষ্ঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’ এবং ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’-তে শীর্ষপদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামক একটি প্রাইভেট ইকুইটি তহবিল গঠন করেন এবং ২০১১ সালে তোশিবার কাছে একটি টেকনিক্যাল কোম্পানি ২.৩ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে ব্যবসায়িক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। জানা গেছে, একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলাকালীন সময়েই ক্যামেরনের সঙ্গে জেমিমার প্রথম আলাপ হয়েছিল। ব্যক্তিগত জীবনে ব্রিটিশ রাজকুমারী ডায়ানার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত জেমিমা গোল্ডস্মিথের প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০০৫ সালে। ইমরান ও জেমিমার সংসারে কাসিম ও সুলাইমান নামে দুই পুত্র রয়েছে। অন্যদিকে ক্যামেরন ও’রিলিরও আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে। চলচ্চিত্র প্রযোজক হিসেবে জেমিমা ইতিমধ্যে বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন, বিশেষ করে তার প্রযোজিত ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ চলচ্চিত্রটি পাকিস্তানের প্রতি তার ভালোবাসার এক বিশেষ নিদর্শন হিসেবে সমাদৃত। পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ