প্রিন্ট এর তারিখ : ২২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্রে ঈদ ট্র্যাজেডি: ভাসমান সেতু উল্টে ৪ জন নিহত
নিজস্ব প্রতিবেদক ||
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনায় সহোদর ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ড্রাম দিয়ে নির্মিত একটি অস্থায়ী ভাসমান সেতু অতিরিক্ত ভিড়ের চাপে উল্টে গেলে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর ওপারে চরে যাতায়াত ও ঈদ উপলক্ষে বিনোদনের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষ ভাসমান সেতুটি নির্মাণ করে। ঈদের দিন হওয়ায় সকাল থেকেই সেখানে মানুষের ঢল নামে। বিকেলের দিকে অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সেতুটি দুলতে শুরু করে এবং একপর্যায়ে মাঝখান থেকে উল্টে যায়। এতে বহু মানুষ নদীতে পড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।স্থানীয়দের অভিযোগ, সেতুতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও জননিয়ন্ত্রণ না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পরি-কন্ঠ/ মুয়াজঈদ দুর্ঘটনা, ব্রহ্মপুত্র নদ, দেওয়ানগঞ্জ, জামালপুর সংবাদ, ভাসমান সেতু, নৌদুর্ঘটনা, ফায়ার সার্ভিস, এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ দুর্ঘটনা
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ