প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
||
গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এক উৎসবমুখর পরিবেশে পর্দা উঠেছে স্থানীয় ফুটবল টুর্নামেন্টের। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ব্যতিক্রমী এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা। শুক্রবার বিকেলে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। মাঠের চারপাশে শত শত ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি করে।বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ড. আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলাই পারে আমাদের তরুণ প্রজন্মকে স্মার্টফোন এবং মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে। মাঠে বল গড়ানোর সাথে সাথে তরুণদের মন ও মনন বিকশিত হয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম। তিনি তার বক্তব্যে বলেন, মাদক ও সামাজিক অস্থিরতা দূর করে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের শ্রীবর্ধন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, গজারিয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সেলিম মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মুন্সী। এছাড়াও গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মুক্তার হোসেন ভূইয়া এবং সৌহার্দ্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা জুবায়েদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে সংহতি প্রকাশ করেন। অতিথিরা এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ফুটবলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গুয়াগাছিয়া রাইজিং স্পোর্টিং ক্লাব এবং চরচাষী সুপার একাদশ। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠ ছিল টানটান উত্তেজনা। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবকদের মধ্যে যে উদ্দীপনা দেখা গেছে, তা ছিল লক্ষ্যণীয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ