প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
‘রয়েল রিসোর্টে হত্যার ষড়যন্ত্র হয়েছিল, সফল হয়নি’: মামুনুল হক
মিমরাজ হোসেন : ||
২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ওই ষড়যন্ত্র সফল হয়নি; বরং ষড়যন্ত্রকারীরাই পরবর্তীতে ফেঁসে গেছেন।শনিবার (২৯ আগস্ট) সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি দলের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে আয়োজন করা হয়।মামুনুল হক বলেন, ‘সেদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য ষড়যন্ত্রকারীরা আকুতি-মিনতি করেছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রয়েল রিসোর্টে খুঁজে পাওয়া যায়নি। তারা বাড়িঘর ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।’২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ অবস্থানকালে মামুনুল হককে ঘেরাও করেন স্থানীয় একদল ব্যক্তি ও আওয়ামী লীগ সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। ওই সময় মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে ওই নারী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।ওই ঘটনার পর মামুনুল হককে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘদিন কারাগারে থাকতে হয়। মামলার প্রসঙ্গে তিনি বলেন, তৌহিদী জনতার কণ্ঠরোধ করতে তৎকালীন ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা করেছিল। বর্তমান সরকার এসব মামলা প্রত্যাহার করেছে বলেও দাবি করেন তিনি।রয়েল রিসোর্টের ঘটনায় করা মামলায় খেলাফতে মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তার ও কারাবরণের প্রসঙ্গও তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, ইকবাল হোসাইন কারাবরণ ও অমানবিক নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে তিনি মারা যান।সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ