প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
||
সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুবাদে ফখরুলের জয় এখন শুধুই সময়ের ব্যাপার; ২০ আগস্ট ভোটের লড়াইয়ে থাকছেন অলি আহমদও।বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। দেশের শীর্ষ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আজ আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাবক ও সমর্থকের প্রয়োজন হয়। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। আর সমর্থক হিসেবে সই করেছেন দলের আরেক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল কে হতে যাচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। শেষ পর্যন্ত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই এই মর্যাদাপূর্ণ পদের জন্য বেছে নিয়েছে।সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটে। বর্তমান একাদশ সংসদের আসন বিন্যাস অনুযায়ী, বিএনপির কাছে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই, অন্যথায় তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এই গাণিতিক সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া এখন কেবল এক আনুষ্ঠানিকতা মাত্র। তবুও গণতন্ত্রের চর্চায় এবার বিরোধী দল থেকে অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। ফলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাধিক প্রার্থীর উপস্থিতিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। আগামী ১৬ আগস্ট জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত সেই নির্বাচন। মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হুইপ আশরাফ উদ্দীন নিজান এবং মিয়া নুরুদ্দীন অপুসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাই পেরিয়ে মির্জা ফখরুল এখন দেশের রাষ্ট্রপতি হওয়ার দোরগোড়ায়, যা জাতীয় রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ