প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতার বিচ্ছেদ মামলা প্রত্যাহার
||
থালাপতি বিজয়ের দাম্পত্য কলহ কি তবে মিটে যাচ্ছে? সংগীতার আইনি পদক্ষেপ ও তৃষার ইঙ্গিতপূর্ণ বার্তার নেপথ্যে নতুন গুঞ্জন।তামিল সিনেমার মেগাস্টার এবং বর্তমান রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন এক নতুন মোড় নিয়েছে। অভিনেতা বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম তার দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। তবে এই আইনি সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের দুটি রহস্যময় পোস্ট কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে জল্পনা।সংগীতা সোরনালিঙ্গম এবং বিজয়ের দুই দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনে চিড় ধরার খবরটি প্রকাশ্যে আসে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। সে সময় সংগীতা আদালতে অভিযোগ করেছিলেন যে, তার স্বামী এক নারী সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এই পরিস্থিতির কারণে তিনি গভীর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন এবং দাম্পত্য বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন জানান। তবে সম্প্রতি চেঙ্গালপাট্টু ফ্যামিলি কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে সংগীতা জানান, তিনি আর এই মামলাটি চালিয়ে যেতে ইচ্ছুক নন। আদালতের অনুমতি সাপেক্ষে তিনি তার আবেদনটি তুলে নেন। যদিও ভবিষ্যতে প্রয়োজনে পুনরায় মামলা করার অধিকার তার সংরক্ষিত রয়েছে।আশ্চর্যের বিষয় হলো, সংগীতার এই আইনি পদক্ষেপের মাত্র কয়েকদিন পরই অভিনেত্রী তৃষা কৃষ্ণন তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এই বয়সে এসে নাটক করা সত্যিই লজ্জাজনক। তার চেয়ে বরং কিছু টাকা উপার্জন করুন এবং জীবনে শান্তি খুঁজে নিন।’ অন্য একটি পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, একসময় যে জীবন পাওয়ার জন্য তিনি প্রার্থনা করেছিলেন, সেই জীবন পেয়ে তিনি আজ অভিভূত। উল্লেখ্য, বিজয় ও সংগীতার দীর্ঘদিনের দাম্পত্য কলহের নেপথ্যে বারবার তৃষার নাম উঠে এসেছে, যদিও অভিনেতা বা অভিনেত্রী কেউই এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বিজয় ও সংগীতার ঘরে জেসন সঞ্জয় ও দিব্যা শাশা নামে দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহ এবং রাজনৈতিক ব্যস্ততার মাঝে সংগীতার এই আকস্মিক মামলা প্রত্যাহার বিজয়ের জন্য কিছুটা স্বস্তির হলেও, তৃষার সাম্প্রতিক মন্তব্যগুলো সেই স্বস্তির আগুনে নতুন করে ঘি ঢেলেছে কি না, তা নিয়ে ভক্তদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ মনে করছেন, তৃষার এই বার্তাগুলো পরোক্ষভাবে সংগীতা বা বিজয়ের পারিবারিক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে। সব মিলিয়ে থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন দক্ষিণী বিনোদন জগতের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ