প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ সাকিব আল হাসানকে নিয়ে তথ্য উপদেষ্টার মন্তব্য
||
সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান ও শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে কঠোর বার্তা দিলেন উপদেষ্টা জাহেদ উর রহমান; দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ দেখতে চান না বলে হুঁশিয়ারি।বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মাঠের পারফরম্যান্সে অনন্য হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’ বলে মন্তব্য করেছেন সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এই সভায় সাকিবের ভবিষ্যৎ নিরাপত্তা ও শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করেন এই উপদেষ্টা।সাকিব আল হাসানের দেশে ফেরা এবং তার বিরুদ্ধে থাকা আইনি মামলার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সাকিব দেশে ফিরলে তিনি নিরাপত্তাহীনতায় থাকবেন বলে সরকার মনে করে না। তবে তার রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি একজন ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে তিনি নষ্ট ও পচে যাওয়া। যে ব্যক্তি এখনও শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের সঙ্গে রাজনৈতিকভাবে অ্যালাইনড থাকেন, তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ৫ আগস্টের পরও তার অবস্থান বদলায়নি।’ উপদেষ্টা আরও যোগ করেন যে, সাকিব যদি দেশে ফিরে মামলার মুখোমুখি হন, তবে সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দেবে। তিনি কোনো ধরনের ‘মব জাস্টিস’ বা গণপিটুনির শিকার হবেন না—এমন নিশ্চয়তাও দেওয়া হয়। তবে বিমানবন্দর থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাকে আইন মেনেই চলতে হবে।একই সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানান যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গেই বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন হবেন। একজন নাগরিক হিসেবে আদালতে তার যে সকল প্রাপ্য অধিকার রয়েছে, তা নিশ্চিত করা হবে। আদালত যে রায় দেবেন, তা সবাইকে মাথা পেতে নিতে হবে।’ দেশে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ বা ‘ফ্যাসিস্ট শাসন’ দেখতে চায় না জনগণ এবং বর্তমান সরকারও তা হতে দেবে না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিটি অপরাধীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, সেটি সাকিব আল হাসান হোক কিংবা শেখ হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ