প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
১০০ কোটি ডলারের ক্লাবে ক্রিস্টোফার নোলান
||
মুক্তির মাত্র তিন সপ্তাহে বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক সৃষ্টিচলচ্চিত্র দুনিয়ায় ক্রিস্টোফার নোলান মানেই এক বিশেষ উন্মাদনা, এক নতুন অভিজ্ঞতার হাতছানি। তাঁর প্রতিটি কাজ যেন দর্শকদের নিয়ে যায় ভিন্ন এক জগতে। সেই ধারাবাহিকতায় নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে রীতিমতো টর্নেডো বইয়ে দিচ্ছে। গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর মাত্র তিন সপ্তাহের মধ্যেই সিনেমাটি প্রবেশ করেছে বহুল কাঙ্ক্ষিত ‘বিলিয়ন ডলার ক্লাবে’। গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি এখন বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।বক্স অফিসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, উত্তর আমেরিকার বাজারে ‘দ্য ওডিসি’ এখন পর্যন্ত আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকেও সিনেমাটি বিপুল সাড়া পেয়েছে, যার পরিমাণ প্রায় ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে মুক্তির ২১ দিনের মাথায় সিনেমাটির মোট আয় ১০০ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর দীর্ঘ এক যুগ পর এটিই নোলানের প্রথম সিনেমা, যা বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, যেভাবে সিনেমাটি এগিয়ে যাচ্ছে, তাতে এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হিসেবে ‘দ্য ডার্ক নাইট’কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে এই যাত্রার এখানেই শেষ নয়। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় বাজার চীনে ‘দ্য ওডিসি’ এখনো মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট চীনের হাজার হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার মধ্যে ৮০০টি আইম্যাক্স পর্দা রয়েছে। চীনের বিশাল বাজারে মুক্তির পর সিনেমাটির আয় আরও কয়েক ধাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সিনেমাটির মূল কাহিনি আবর্তিত হয়েছে গ্রিক রাজা ওডিসিউসকে কেন্দ্র করে। ট্রয় যুদ্ধ শেষে নিজের রাজ্য ইথাকায় ফেরার পথে দীর্ঘ ও বিপদসংকুল এক সমুদ্রযাত্রার গল্প চিত্রায়িত হয়েছে পর্দায়। প্রতিকূল প্রকৃতি, কাল্পনিক দানব আর অজানা শক্তির বিরুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী তারকা ম্যাট ডেমন।ছবিটিতে ম্যাট ডেমনের পাশাপাশি অভিনয় করেছেন একঝাঁক উজ্জ্বল নক্ষত্র—অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরনের মতো তারকারা। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ২০২৬ সাল বক্স অফিসের জন্য এক স্বর্ণালি বছর হয়ে উঠেছে। চলতি বছরে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘মাইকেল’-এর পর পঞ্চম সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের ক্লাবে পা রাখল ‘দ্য ওডিসি’। মহামারির স্থবিরতা কাটিয়ে এই সাফল্য প্রমাণ করে যে বড় পর্দার জাদুকরী গল্প বলার কৌশল এখনো দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সক্ষম। মহাকাব্যিক এই জয়যাত্রা শুধু নোলানের ক্যারিয়ারেই নয়, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ